আর্টডক পরিদর্শনে মোমেনশাহী সেনানিবাসে সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
‘আর্টডক ডে-১/২০২৬’ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শনে গেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং বিভিন্ন গবেষণা উদ্যোগ সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
উদ্ভাবনী এসব প্রযুক্তির প্রসারে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা নিয়ে মতবিনিময় করেন। তিনি আধুনিক রণকৌশলে নিজেদের দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি অত্যাধুনিক লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ডিজিটাল লাইব্রেরি ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সফরকালে সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (আর্টডক), সামরিক সচিব, জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (ঘাটাইল এরিয়া) সহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।
এসএস/টিকে