টাবুর বিলাসবহুল ফ্ল্যাটের দাম কত? জানলে চমকে যাবেন
ছবি: সংগৃহীত
০২:৩৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
বলিউডে নতুন ছবি মুক্তি মানেই আলোচনার ঝড়, আর সেই সঙ্গেই তারকাদের ব্যক্তিগত জীবনও উঠে আসে শিরোনামে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভূত বাংলো’ ছবিকে ঘিরে তেমনই এক নতুন খবর ঘুরছে বিনোদন মহলে। ছবির সাফল্যের গ্রাফ খুব বেশি ঊর্ধ্বমুখী না হলেও অভিনেত্রী টাবুর ব্যক্তিগত সম্পত্তির তালিকায় বড় সংযোজন হয়েছে, যা ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে ভক্তদের মধ্যে।
গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়া এই ভৌতিক হাস্যরসাত্মক ছবিতে যশোদার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন টাবু। ছবির ব্যবসায়িক সাফল্য সীমিত হলেও নিজের জীবনে এক বড় বিনিয়োগ করেছেন তিনি। মুম্বাইয়ের অভিজাত ভারসোভা এলাকায় সমুদ্রসংলগ্ন একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী, যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
প্রায় ২,১৫৩ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটি নির্মীয়মাণ এক আধুনিক আবাসন প্রকল্পের অন্তর্গত। সম্পত্তির নথি অনুযায়ী, গত ২৬ মার্চ আর্থিক লেনদেন সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী স্ট্যাম্প শুল্ক বাবদ প্রায় ৫ লক্ষ ২৪ হাজার টাকা এবং নিবন্ধন ফি বাবদ ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন তব্বু। নতুন এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে দুটি নির্দিষ্ট গাড়ি রাখার জায়গা এবং একটি প্রশস্ত ঝুল বারান্দা, যা থেকে সরাসরি সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে।
যে আবাসনে ফ্ল্যাটটি অবস্থিত, সেটি বিস্তৃত জমির উপর তৈরি হচ্ছে এবং সেখানে একাধিক উঁচু টাওয়ার, বেজমেন্ট, ভূতল ও বহু তলা বিশিষ্ট আধুনিক অবকাঠামো গড়ে উঠছে। অভিজাত এই এলাকায় আগে থেকেই বহু তারকার বসবাস। সেই তালিকায় এবার যুক্ত হলেন টাবুও।

দীর্ঘদিন ধরে অভিনয়ের জগতে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন টাবু। ‘মকবুল’, ‘হায়দার’, ‘আন্ধাধুন’সহ একাধিক ছবিতে তার অভিনয় দক্ষতা বারবার প্রশংসিত হয়েছে। জাতীয় পুরস্কার থেকে শুরু করে একাধিক সম্মানে ভূষিত এই অভিনেত্রী চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়তে পারার জন্যই আলাদা করে পরিচিত।
নতুন এই সম্পত্তি কেনার মধ্য দিয়ে আবারও শিরোনামে এলেন তিনি। ছবি যেমনই চলুক, ব্যক্তিগত জীবনে বিনিয়োগে যে তিনি যথেষ্ট সচেতন, তা আর বলার অপেক্ষা রাখে না।
পিআর/টিকে