ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী আইস স্পাইস
ছবি: সংগৃহীত
০২:৪৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র্যাপার, সংগীতশিল্পী আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই ঘটনা দেখা গেছে। আউটলেটের ভেতরে এক নারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ঘটনার সময় আইস স্পাইস তার এক বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে বসেছিলেন। তখন এক নারী তার কাছে এসে বারবার তার পরিচয় ও তিনি কোথা থেকে এসেছেন তা জানতে চান। আইস স্পাইস সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরপরই ওই নারী তাকে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই সেখানে ঘটে তুমুল হাতাহাতি, বিশৃঙ্খলা।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার সময় রেস্টুরেন্টের ভেতরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে থাকা লোকজন চিৎকার করছিলেন। এরপর ধাক্কাধাক্কির ঘটনা ঘটে; একপর্যায়ে টেবিলগুলো উল্টে যায়।
এই গোলযোগ পরে রেস্টুরেন্টের বাইরেও ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইস স্পাইসের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিলবোর্ডকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তার মক্কেলের ওপর বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে জানানো হয়েছে।
পিআর/টিকে