বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুতে জামায়াতের শোক
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনে ১২ জন মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (১৯ এপ্রিল) এক শোক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনে ১২ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বজ্রপাতে এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক, যা সহজে মেনে নেওয়া যায় না। আমি এই নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও হবিগঞ্জে বজ্রপাতে নিহতের ঘটনা খুবই মর্মান্তিক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে নিরীহ কৃষক ও শ্রমজীবী মানুষের এভাবে প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এটি শুধু সংশ্লিষ্ট পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। এই শোকে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সহনশীলতা দানের জন্য মহান রবের নিকট দোয়া করছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এবং প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসএস/টিকে