© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ হয়ে যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’, কী বলছেন তারকারা?

শেয়ার করুন:
শেষ হয়ে যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’, কী বলছেন তারকারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
বর্তমান সময়ে প্রচার হচ্ছে এমন ধারাবাহিকগুলোর মধ্যে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। এটি শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যেই নাটকটির শেষ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। যদিও ঠিক কততম পর্বে এর সমাপ্তি ঘটবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

নির্মাতা মোস্তফা কামাল রাজের এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধের গল্প।

প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আইতে প্রচারের পর ইউটিউবেও এটি দর্শকপ্রিয়তা পায়।

গত নভেম্বরে প্রচার শুরু হওয়ার পর থেকেই নাটকটি আলোচনায় ছিল। এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। ফাহাদ, সামির, মেহরীন, সায়রা- প্রতিটি চরিত্রই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামালসহ অন্যান্য কলাকুশলীরা। শুটিং শেষ হলেও নাটকটির স্মৃতি দীর্ঘদিন মনে রাখবেন বলে জানান তারা।



ইরফান সাজ্জাদ বলেন, ‘সাত মাসের একটি দারুণ যাত্রা শেষ হলো, দর্শকদের ভালোবাসাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

খায়রুল বাসার মনে করেন, ‘দর্শক গল্পের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরেছে এটাই এই নাটকের সাফল্য।’

মেহরীন চরিত্রে অভিনয় করে কেয়া পায়েল বলেন, ‘কোনো চরিত্রের নামে পরিচিত হওয়া একজন শিল্পীর জন্য বড় অর্জন। কাজটি করে আমি অন্যরকম আনন্দ ও তৃপ্তি পেয়েছি।’

সায়রা চরিত্রে অভিনয় করা সুনেরাহ জানান, প্রথম ধারাবাহিকেই দর্শকের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত।

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, শুরুতে যেমন সাড়া আশা করেছিলেন, তার চেয়েও বেশি ভালোবাসা পেয়েছেন এই নাটক দিয়ে।

পিআর/টিকে

মন্তব্য করুন