© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোগ নয়, আমি অবদানকে বেছে নিয়েছি: মেঘনা আলম

শেয়ার করুন:
ভোগ নয়, আমি অবদানকে বেছে নিয়েছি: মেঘনা আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২০ এএম | ২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের আলোচিত নারী সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম বলেছেন, আমি ভোগ নয়, অবদানকে বেছে নিয়েছি। এই পৃথিবীর প্রতিটি মানুষই আমার আপন, সীমানা, মালিকানা বা পরিচয়ের সংকীর্ণতা আমাকে সংজ্ঞায়িত করে না।

রবিবার (১৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুকে পোস্টে মেঘনা আলম লেখেন, মেঘনা আলমকে আপনারা কোথায় দেখতে চান? সংসদে এমপি হয়ে নীতিনির্ধারক হিসেবে, না কি মেয়র হয়ে নগরের মানুষের পাশে থেকে পরিবর্তনের কারিগর হিসেবে? মতামত জানান।

নিজেকে নতুন করে পরিচয় করানোর প্রয়োজন হয়েছে, কারণ ভুয়া তথ্য শুধু আমাকে নয়, নীতিনির্ধারণের ও কূটনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ ও সম্মানকেও আঘাত করেছে।

তিনি লেখেন, আমার পথচলা অনেকেরই জানা। আমার বাবা কৃষক অধিকার নিয়ে কাজ করা একজন আন্তর্জাতিক অ্যাকটিভিস্ট, বাংলাদেশের প্রতিটি জেলায় হাজার হাজার ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অস্বীকার করার উপায় নেই। প্রায় শতাধিক দেশে ঘুরে তিনি এমন এক রাজনৈতিক দর্শন গড়েছেন, যেখানে ক্ষমতা দখল নয়, দেশ ও মানুষের জন্য কাজ করাই মুখ্য।

তিনি আরো লেখেন, সেই পরিবারে বড় কন্যা হয়ে আমার প্রাপ্তি খুব সীমিত, ইচ্ছা করলে কাজ না করেও জীবন কাটানো যেত। কিন্তু সেই পথ আমার নয়। আমি ভোগ নয়, অবদানকে বেছে নিয়েছি। এই পৃথিবীর প্রতিটি মানুষই আমার আপন, সীমানা, মালিকানা বা পরিচয়ের সংকীর্ণতা আমাকে সংজ্ঞায়িত করে না।

আমার এই লড়াই ব্যক্তিগত, কারণ আমি বাংলাদেশি পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না। আমি পরিবর্তনের অংশ হতে চাই। আমি দেশকে ঠিক করতে চাই।

এসকে/টিকে

মন্তব্য করুন