ওড়না দিয়ে বেবি বাম্প আড়াল করেছিলেন দীপিকা, ভাইরাল ভিডিও
ছবি: সংগৃহীত
০৭:৫৫ এএম | ২০ এপ্রিল, ২০২৬
বলিউডের আলোচিত তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং–এর ঘরে নতুন অতিথি আসার খবরে আনন্দের জোয়ার বইছে ভক্তমহলে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক বিশেষ মুহূর্তের মাধ্যমে নিজেদের জীবনের এই নতুন অধ্যায়ের কথা জানান তারা। ছোট্ট হাতে ধরা একটি পরীক্ষার ফলাফল দেখিয়ে তিন থেকে চার হওয়ার সুখবর ভাগ করে নেন তারকা দম্পতি।
ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। ভক্তদের একাংশের দাবি, এই সুখবর অনেক আগেই জানা ছিল, তবে তা সযত্নে আড়াল করে রেখেছিলেন অভিনেত্রী। সেই দাবির পেছনে উঠে আসছে পুরনো কিছু ভিডিও ও ছবি, যা এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিশেষ করে গত ২০ মার্চ মুম্বইয়ে ঋষভ রিখিরাম শর্মা–এর এক সংগীতানুষ্ঠানে উপস্থিতির একটি ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা। সেখানে স্বামী রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা। ঢিলেঢালা পোশাকে নজর কাড়লেও অনেকের চোখে পড়ে, তিনি বারবার ওড়না দিয়ে পেট ঢাকার চেষ্টা করছেন। তখন বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও এখন সেটিই নতুন করে প্রশ্ন তুলছে।
শুধু সেই অনুষ্ঠানই নয়, পরবর্তী সময়েও রণবীরের সঙ্গে একাধিকবার ঢিলেঢালা পোশাকে দেখা গেছে দীপিকাকে। ওভারসাইজড পোশাক ও স্বাভাবিকের তুলনায় ভিন্ন উপস্থিতি নিয়ে তখন থেকেই কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেননি।
এদিকে একটি বিজ্ঞাপনে লাল শাড়িতে দীপিকার উপস্থিতিও এখন আলোচনায়। অনেকের ধারণা, সেই সময়ও তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ফলে এখন পুরনো প্রতিটি উপস্থিতি নতুন করে বিশ্লেষণ করছেন অনুরাগীরা।
তবে এতসব জল্পনা-কল্পনার মাঝেও নীরব রয়েছেন দীপিকা। নিজের মাতৃত্বের এই বিশেষ সময়কে ব্যক্তিগত রাখতেই হয়তো তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না। তবু ভক্তদের উত্তেজনা থামছে না, বরং প্রতিটি পুরনো মুহূর্তেই খোঁজা হচ্ছে নতুন ইঙ্গিত।
এই আনন্দঘন খবরের মধ্যেই স্পষ্ট, তারকা জীবনের প্রতিটি পদক্ষেপই কতটা নজরবন্দি। আর সেই নজরের কেন্দ্রেই এখন দীপিকা-রণবীরের আগত নতুন অতিথি।
পিআর/টিকে