নতুন সিনেমার ঘোষণা তৌকীর আহমেদের, এবার মঞ্চে ‘অজ্ঞাতনামা’
ছবি: সংগৃহীত
০৪:১৪ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ রোববার (১৯ এপ্রিল) সকাল থেকেই ছিল উৎসবমুখর। জাতীয় নাট্যশালার সামনে জমেছিল শিল্পী, সংস্কৃতিকর্মী, নাট্যজন ও দর্শকদের প্রাণবন্ত এক মিলনমেলা। উপলক্ষ্য ছিল দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যকার ও লেখক তৌকীর আহমেদের ৬০ বছরপূর্তি উদযাপন।
দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে ছিল আলোচনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও নাট্যমঞ্চায়ন। এদিন নির্মাতা তৌকীর আহমেদ তাঁর ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রকে নাট্যরূপ দিয়ে মঞ্চে আনার ঘোষণা দেন। পাশাপাশি নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি।

তৌকীর আহমেদ জানান, অজ্ঞাতনামা এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হবে। চলচ্চিত্রটির গল্প, মানবিক আবেদন ও সামাজিক বাস্তবতাকে নাট্যরূপ দিয়ে মঞ্চে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি শুনে উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
জামিন পেলেন জ্যাকুলিনের ‘কথিত’ প্রেমিক, মামলার প্রস্তুতি নায়িকারজামিন পেলেন জ্যাকুলিনের ‘কথিত’ প্রেমিক, মামলার প্রস্তুতি নায়িকার
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আবুল কালাম আজাদ, দীপা খন্দকার, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন। তাঁরা তৌকীর আহমেদের দীর্ঘ শিল্পযাত্রা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা ও স্মৃতিচারণ করেন।
এদিন সকাল ১১টায় পিন্টু ঘোষের গানের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক একটি সেমিনার। সেখানে তৌকীর আহমেদের শিল্পভাবনা ও কাজ নিয়ে আলোচনা হয়। বিকেলে প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যায় মঞ্চস্থ হয় তাঁর নির্দেশিত ও অভিনীত নাটক ‘তীর্থযাত্রী’।
এসএ/এসএন