মালয়ালম সিনেমায় ঝড় তুললো ‘ভাযা ২’, ১৫ দিনেই ২০০ কোটি
ছবি: সংগৃহীত
০৫:৪৯ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
কম বাজেটে বড় সাফল্য, এই সমীকরণে আবারও চমক দেখাল মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি। নতুন মাইলফলক গড়ে আলোচনায় এসেছে ‘ভাযা ২: বায়োপিক অব আ বিলিয়ন ব্রাদার্স’ সিনেমা। মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যেই কেরালার বক্স অফিসে ১০০ কোটি রুপির ঘর পেরিয়েছে।
শুধু কেরালাতেই নয়, বিশ্বজুড়ে এর আয় ইতোমধ্যে ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে ১০-১৩ কোটি রুপি বাজেটের এই সিনেমা।
নবাগত নির্মাতা সাভিন এস পরিচালিত এই সিনেমা ২ এপ্রিল মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে।

চিত্রনাট্যকার ভিপিন দাস জানান, এটি এখন সবচেয়ে কম সময়ে ১০০ কোটির ক্লাবে ঢোকা মালয়ালম সিনেমা। এর আগে ‘থুডারুম’ ১৯ দিনে এবং ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’ ২৪ দিনে এই মাইলফলক ছুঁয়েছিল। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ‘ভাযা ২’।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ভাযা: বায়োপিক অব আ বিলিয়ন বয়েজ’-এর সিক্যুয়েল এই সিনেমা। প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন আনন্দ মেনন। দ্বিতীয় পর্বের দায়িত্ব নেন সাভিন এস।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এ সিনেমায় কোনো বড় তারকা নেই। একদল তরুণ অভিনয়শিল্পীর শক্তিশালী অভিনয় আর গল্পের জোরেই দর্শকদের মন জয় করেছে এটি।

গল্পে রয়েছে চার বন্ধু হাশির, অ্যালান, অজিন ও বিনায়ক। পড়াশোনায় পিছিয়ে থাকা এই তরুণদের জীবনের সংগ্রাম, বন্ধুত্ব ও সমাজের অবহেলার গল্পই সিনেমার মূল উপজীব্য। কমেডির আড়ালে তুলে ধরা হয়েছে তরুণদের বাস্তব জীবনের কঠিন দিক। সেইসব বিষয় দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে।
এই অভাবনীয় সাফল্যের পর নির্মাতারা ইতোমধ্যেই ‘ভাযা ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, তৃতীয় পর্বে নারীদের জীবনের সংকট তুলে ধরা হবে।
এসএন