© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিলিজের আগেই ১৬০ কোটিতে বিক্রি রজনীকান্তের নতুন সিনেমা

শেয়ার করুন:
রিলিজের আগেই ১৬০ কোটিতে বিক্রি রজনীকান্তের নতুন সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৮ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব প্রায় ১৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

পিঙ্কভিলা বলছে, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে ‘জেলার ২’-এর স্ট্রিমিং স্বত্ব নিয়ে এই বড় অঙ্কের চুক্তি সম্পন্ন হয়েছে। কয়েক সপ্তাহ আগেই নাকি বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

যদিও এখন পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ সিনেমাটির ওটিটি স্বত্ব প্রায় ৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছিল বলে জানা যায়। সে তুলনায় ‘জেলার ২’-এর সম্ভাব্য চুক্তির অঙ্ক দ্বিগুণেরও বেশি, যা সিনেমাটিকে ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।



সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি দৃশ্য ফাঁস হয়ে যায়, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। এ ঘটনায় নির্মাতারা দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, ফাঁস হওয়া ভিডিও যেন কেউ ছড়িয়ে না দেন।

এদিকে ‘জেলার ২’-এ আবারও পরিচালক নেলসন দিলীপ কুমারের নির্মাণে ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। সিনেমাটিতে আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্য ও সুরাজ ভেঞ্জারামুডু।

একসময় গুঞ্জন উঠেছিল, শাহরুখ খান বিশেষ একটি চরিত্রে থাকতে পারেন। তবে ব্যস্ততার কারণে তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এছাড়া আগের কিস্তির মতো মোহনলাল ও শিব রাজকুমারকেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। ভবিষ্যতে কমল হাসানের সঙ্গে রজনীকান্তের একটি বিশেষ প্রজেক্ট নিয়েও চলছে জোর আলোচনা।

এসএ/এসএন

মন্তব্য করুন