© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ওম শান্তি ওম’ সিনেমার সংলাপ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় শাহরুখ খানের প্রতিক্রিয়া

শেয়ার করুন:
‘ওম শান্তি ওম’ সিনেমার সংলাপ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায়  শাহরুখ খানের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ এএম | ২১ এপ্রিল, ২০২৬
প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি বিখ্যাত সংলাপ নতুন করে ফিরে এসেছে বিশ্বমঞ্চে। কদিন আগে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওম শান্তি ওম’ সিনেমার বহুল জনপ্রিয় সংলাপের একটি অংশ শেয়ার করেছে।

সিনেমার পুরস্কার বিতরণী মঞ্চের দৃশ্যে বলা সেই সংলাপটি হল, ‘ভাগ্য, স্বপ্ন আর অপেক্ষার গল্প’। সিনেমার দৃশ্যের ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘ভাগ্য কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না।’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ওই ভিডিওটি পোস্ট করার পরেই তা সোশাল মিডিয়ায় বারুদের মত ছড়িয়ে পড়ে। এক্সে এর প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ।



স্বভাবচরিত রসিকতা করে তিনি লিখেছেন, “‘ওম’ এর সেই বিখ্যা বক্তৃতার মাধ্যমে স্মৃতির সরণিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মনে হচ্ছে, আমি সত্যিই এই দুনিয়ার রাজা।”

শাহরুখের প্রতিক্রিয়ায় সাড়া দিয়েছেন ওই সিনেমার পরিচালক ফারাহ খানও। সোশাল মিডিয়ায় শাহরুখের পোস্ট শেয়ার করে ‘ওম শান্তি ওম’ সিনেমার আরেকটি বিখ্যাত সংলাপ তুলে ধরেন তিনি।

ফারাহ লিখেছেন, ‘পিকচার এখনো বাকি আছে বন্ধু।’ ‘ওম শান্তি ওম’ মুক্তি পায় ২০০৭ সালে। ফারাহ খান পরিচালিত এই সিনেমাটি নাটকীয় ও আবেগঘন সিনেমা। ‘ওম শান্তি ওম’কে ভারতীয় সিনেমার সোনালি যুগের সফল চিত্রায়ণ হিসেবে ধরা হয়ে থাকে।

এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। দারুণ জনপ্রিয় হয় শাহরুখ-দীপিকা জুটি। সিনেমায় সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী শান্তিপ্রিয়া চরিত্রে নবাগতা দীপিকার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। অন্যদিকে ওম প্রকাশ চরিত্রে শাহরুখের ব্যতিক্রমধর্মী অভিনয়ও হয়েছিল প্রশংসিত। পর্দায় শাহরুখ-দীপিকা জুটির জমজমাট রসায়নের সঙ্গে নব্বই দশকের শাহরুখ-কাজল জুটিকেও তুলনা করে থাকেন অনেকে।

এ সিনেমার জনপ্রিয়তার আরেকটি কারণ হল একাধিক তারকা সমাবেশ। সিনেমার টাইটেল গান ‘ওম শান্তি ওম’-এ হিন্দি সিনেমার নামী-দামী তারকাদের একত্রিত করেছিলেন পরিচালক।

এছাড়া আরও অভিনয় করেছিলেন অর্জুন রামপাল ও শ্রেয়াস তলপাড়ে। মুক্তির পর বাণিজ্যিকভাবে বিপুল সাফল্য পায় ‘ওম শান্তি ওম’। বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিনে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন