বিগ বস এর প্রতিযোগী হিসাবে দেখা যাবে সায়ন চক্রবর্তীকে!
ছবি: সংগৃহীত
০৯:০২ এএম | ২১ এপ্রিল, ২০২৬
জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান বিগ বস বাংলা আবারও ফিরছে নতুন আয়োজনে এমন খবরে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। হিন্দি সংস্করণের আদলে তৈরি এই অনুষ্ঠানটি বাংলাতেও একসময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, আর এবার নতুনভাবে সেটিকে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে থাকতে পারেন সৌরভ গাঙ্গুলি। এর আগে এই মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী এবং জিৎ-কে। ফলে নতুন মৌসুমে সঞ্চালনায় পরিবর্তন আসতে পারে, যা নিয়েই তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণই হল বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের এক ছাদের নিচে নিয়ে আসা। নির্দিষ্ট একটি বাড়ির ভেতরে প্রতিযোগীরা সারাক্ষণ ক্যামেরার নজরে থাকেন, তাঁদের আচরণ, সম্পর্ক এবং পারফরম্যান্সের ওপর নির্ভর করেই ঠিক হয় বিজয়ী। পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ ও কাজের মধ্য দিয়ে নিজেদের প্রমাণ করতে হয় অংশগ্রহণকারীদের।

এই আবহেই সামনে এসেছে নতুন একটি নাম সায়ন চক্রবর্তী। শোনা যাচ্ছে, এবারের প্রতিযোগীদের তালিকায় থাকতে পারেন তিনি। স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে সাফল্যের শিখরে পৌঁছানোর গল্পে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন সায়ন। তাঁর এই পথচলা এতটাই অনুপ্রেরণাদায়ক যে শিল্পপতি রতন টাটা-ও তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা যায়।
শুধু সায়নই নন, গুঞ্জন রয়েছে অভিনেত্রী দেবশ্রী রায়-এর নামও। ফলে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা ঘিরে কৌতূহল আরও বাড়ছে দর্শকদের মধ্যে।
উল্লেখ্য, ২০১৩ সালে এই অনুষ্ঠানের প্রথম মৌসুমে বিজয়ী হয়েছিলেন গায়ক অনীক ধর এবং রানার আপ ছিলেন রুদ্রনীল ঘোষ। সেই সফলতার স্মৃতি নিয়েই নতুনভাবে ফিরতে চলেছে অনুষ্ঠানটি।
সব মিলিয়ে, নতুন মৌসুমে কারা থাকবেন, কেমন হবে প্রতিযোগিতা এই সব প্রশ্নের উত্তর জানতে এখনই মুখিয়ে রয়েছেন দর্শকরা।
পিআর/টিকে