© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হুজ হু’ সম্মাননায় ভূষিত ববিতা

শেয়ার করুন:
‘হুজ হু’ সম্মাননায় ভূষিত ববিতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ এএম | ২১ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী ববিতা। এবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুজ হু সম্মাননায় ভূষিত হয়ে আবারও আলোচনায় এলেন এ নন্দিত অভিনেত্রী।
সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটন-এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে হুজ হু। বাংলাদেশে ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হয়।

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন ববিতা। তিনি বলেন, জীবনের এই পর্যায়ে এসে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য বিশেষ অনুভূতির। বিশেষ করে তার বাবার স্বপ্ন ও স্মৃতির সঙ্গে এই অর্জনটি গভীরভাবে জড়িত বলেও উল্লেখ করেন তিনি। এ সম্মাননা দেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন এই অভিনেত্রী।



অনুষ্ঠানে বক্তব্যে ইয়াসির খান চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য গর্বের এবং তা অন্যদের অনুপ্রাণিত করবে।

একই আয়োজনে কৃষি, শিক্ষা, সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও ১১ জনকেও সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি একুশে পদকে ভূষিত হওয়া ববিতা বর্তমানে নতুন কোনো চলচ্চিত্রে কাজ না করলেও উপযুক্ত গল্প পেলে আবারও অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন