কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আলিয়ার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক
ছবি: সংগৃহীত
০৯:২৮ এএম | ২১ এপ্রিল, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার ঘিরে এবার নতুন বিতর্কে নাম জড়াল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর। অভিযোগ উঠেছে, একটি বিদেশি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সামাজিক মাধ্যমে তার নাম ও মুখাবয়ব ব্যবহার করে এমন কিছু ছবি প্রকাশ করেছে, যা আদতে বাস্তব ফটোশুট নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
ঘটনার সূত্রে জানা যায়, পাকিস্তানের একটি সংস্থা নিজেদের পোশাক প্রচারের জন্য আলিয়ার মতো দেখতে একাধিক ছবি প্রকাশ করে। ছবিগুলোতে তাঁকে নানা রঙের সালোয়ার-কামিজ পরিহিত অবস্থায় দেখা যায়। অত্যন্ত নিখুঁত ও বাস্তবসম্মত হওয়ায় অনেক নেটাগরিকই প্রথমে ধরে নেন, সত্যিই কোনো নতুন ফটোশুট করেছেন এই অভিনেত্রী।

তবে পরে বিষয়টি নিয়ে বিভ্রান্তি কাটে এবং স্পষ্ট হয় যে, প্রযুক্তিগতভাবে আলিয়ার মুখাবয়ব ব্যবহার করে এসব ছবি তৈরি করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। তাঁর অনুরাগীদের একাংশ অভিযোগ করেন, অনুমতি ছাড়া এভাবে কোনো তারকার ছবি ব্যবহার করা এক ধরনের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে আরেক অংশের দর্শক ছবিগুলোর বাস্তবসম্মত মান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, প্রযুক্তিগত দক্ষতার কারণে ছবিগুলো এতটাই নিখুঁত হয়েছে যে বিভ্রান্তি হওয়া স্বাভাবিক।
এখন পর্যন্ত এই ঘটনায় আলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে বহু তারকা তাঁদের নাম, ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহার রোধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন, যা এই বিতর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। বিষয়টি ঘিরে আলোচনায় উঠে এসেছে তারকাদের ব্যক্তিগত অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তাও।
বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন চলচ্চিত্র নিয়ে, যার কারণে এই বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি বলে জানা যাচ্ছে।
পিআর/টিকে