© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাম রূপে রণবীরের প্রশংসা করলেন অনুরাগ বসু

শেয়ার করুন:
রাম রূপে রণবীরের প্রশংসা করলেন অনুরাগ বসু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ এএম | ২১ এপ্রিল, ২০২৬
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে যখন চারদিকে তর্ক-বিতর্ক চলছে, ঠিক তখনই অভিনেতার সমর্থনে মুখ খুললেন খ্যাতিমান পরিচালক অনুরাগ বসু। তার মতে, এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা রণবীরের ক্যারিয়ারের অন্যতম সাহসী এবং সঠিক সিদ্ধান্ত।

রণবীর কাপুরের সাথে ‘বারফি’ ও ‘জাগ্গা জাসুস’-এর মতো ছবিতে কাজ করা অনুরাগ বসু জানান, পর্দায় রণবীরকে রাম হিসেবে দেখে তিনি মোটেও অবাক হননি। তিনি বলেন, আমি রণবীরকে ঠিক যেভাবে কল্পনা করেছিলাম, পর্দায় তাকে তেমনই দেখাচ্ছে।

আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো অভিনেতাকে নিয়ে ঝুঁকি নেওয়া কঠিন, কারণ এখানে সবাই ছকে বাঁধা অভিনয় দেখতে চায়। কিন্তু রণবীর সেই ছক ভাঙার সাহস দেখিয়েছেন এবং তিনি অসাধারণ কাজ করেছেন।

গত ২ এপ্রিল মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে রাম রূপে রণবীরের লুক প্রকাশ করা হয়। এর আগে লস অ্যাঞ্জেলেসে একটি বিশেষ প্রদর্শনীতেও টিজারটি দেখানো হয়েছিল।



টিজারে রামকে একই সাথে শান্ত ও যোদ্ধা রূপে দেখা গেছে। তবে টিজারের ভিএফএক্স ও অসুরদের চিত্রায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। অনেকে এর সাথে ‘গেম অফ থ্রোনস’ বা ‘লর্ড অফ দ্য রিংস’-এর মিল খুঁজে পেয়েছেন। যদিও প্রায় ৪,০০০ কোটি টাকার বাজেটের এই ছবিতে এমন বিশালতা থাকাটাই স্বাভাবিক বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

রণবীর কাপুর নিজেই স্বীকার করেছেন যে, শুরুতে এই চরিত্রটি করতে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। এত বড় এবং শ্রদ্ধেয় একটি চরিত্রের প্রতি তিনি সুবিচার করতে পারবেন কি না, তা নিয়ে তার মনে ভয় ছিল। তবে কন্যা রাহার জন্মের পর তার চিন্তাধারায় পরিবর্তন আসে এবং তিনি এই চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ হন।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই বিশাল আয়োজনে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন একঝাঁক তারকা। রাবণের ভূমিকায় অভিনয় করছেন ইয়াশ, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ রূপে রবি দুবে ও হনুমান হিসেবে সানি দেওল।
এ ছাড়াও রাজা দশরথের ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার রাম অরুণ গোভিলকে। দুই ভাগে মুক্তি পেতে যাওয়া এই মহাকাব্যের প্রথম পর্বটি ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দিওয়ালিতে বড় পর্দায় আসবে।

সূত্র : ফিল্মবিট

পিআর/টিকে

মন্তব্য করুন