কত টাকায় বিক্রি হলো শাহরুখের ‘কিং’ থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন?
ছবি: সংগৃহীত
১২:৫০ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
বড়দিনের আবহে এবার বলিউডে আলোচনার কেন্দ্রে চলে এসেছে বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র কিং। প্রায় চারশো কোটি টাকার বিশাল বাজেটের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আগ্রহ ও বাণিজ্যিক কৌতূহল।
শাহরুখ খানের প্রযোজনা ও অভিনয়ে তৈরি এই ছবির থিয়েট্রিক্যাল প্রদর্শনের স্বত্ব কিনে নিয়েছে তার ঘনিষ্ঠ একটি বিনোদন সংস্থা পেন মারুধর। জানা যাচ্ছে, সর্বভারতীয় প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনের জন্য প্রায় আড়াইশো কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।

বলিউডের বাণিজ্য মহলে এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এর আগেও এই সংস্থাই শাহরুখ খানের একাধিক সফল ছবির সঙ্গে যুক্ত ছিল। ফলে আবারও তাঁদের পার্টনারশিপ ঘিরে প্রত্যাশা বাড়ছে প্রযোজক ও হলমালিকদের মধ্যে।
চলতি বড়দিনের মরসুমে মুক্তি পেতে চলেছে এই তারকাবহুল ছবি, যেখানে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খানের যুগল উপস্থিতি। এই বিষয়টিই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।
ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। পাশাপাশি এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভয় ভার্মা এবং অর্শদ ওয়ারসি সহ একঝাঁক তারকা।
ক্রিসমাসের সময়ে বিশ্বজুড়ে বড় বাজেটের একাধিক ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামবে এই চলচ্চিত্র। তাই মুক্তির আগেই শক্তিশালী বাণিজ্যিক প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট মহল। সিনেমা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আগাম স্বত্ব বিক্রি ছবির প্রতি আস্থারই প্রতিফলন।
সব মিলিয়ে, বড়দিনের উৎসবের আমেজে বলিউডে যে সবচেয়ে বড় চমক হতে চলেছে এই ছবি, তা নিয়ে এখনই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
পিআর/টিকে