বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ছবি: সংগৃহীত
০৩:২১ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
কুমিল্লা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দ শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির সর্বমোট আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
এসএস/টিকে