প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’
ছবি: সংগৃহীত
০৬:০১ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
উত্তর আমেরিকার বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলেছে ছবিটি। মাত্র দুই সপ্তাহেই এত দিন শীর্ষে থাকা ‘হাওয়া’-র লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে তারকাবহুল এই সিনেমা।
নতুন অর্জন হিসেবে এবার প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে উত্তর আমেরিকায় ৪ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করেছে ‘বনলতা এক্সপ্রেস’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

তিনি জানান, মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকায় ছবিটি ৪ লাখ ১ হাজার ডলার গ্রস কালেকশন অর্জন করেছে। শুধু তা-ই নয়, তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহে ‘বনলতা এক্সপ্রেস’ রেকর্ড ৪০ হাজার ডলার গ্রস কালেকশন তুলেছে।
বর্তমানে উত্তর আমেরিকার ২১টি হলে চলছে সিনেমাটি। বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এবং হইচই প্রডাকশন সহ-প্রযোজিত এই তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, মাশাসহ আরো অনেকে।
এসএস/টিকে