এক লাখ টন অপরিশোধিত জ্বালানি নিয়ে আসছে জাহাজ ‘নেনিমিয়া’
ছবি: সংগৃহীত
০৬:২৯ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালির জটিলতা এড়াতে এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে বাংলাদেশ। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে জাহাজ এমভি নেনিমিয়া।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসি'র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।
তিনি বলেন, লোহিত সাগর হয়ে সরাসরি আসার কারণে মে মাসের প্রথম সপ্তাহেই জাহাজটি রাষ্ট্রীয় তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী অপর একটি জাহাজ 'নর্ডিক পোলাক্স' এখনো হরমুজ প্রণালিতে আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এখনো বাংলাদেশের উদ্দেশে যাত্রা করতে পারছে না।
এসএন