হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা
ছবি: সংগৃহীত
পবিত্র হজযাত্রা সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো হজক্যাম্পে চালু করা হয়েছে লাগেজ র্যাপিং সেবা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবা চালু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক।
হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানিয়েছেন, এ সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে। এছাড়া, লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা দেবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার নির্দেশনার আলোকে হজযাত্রীদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে। এ সেবা হজযাত্রাকে সাবলীল ও মসৃণ করব বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। তারা এটিকে প্রয়োজনীয় ও সময়োচিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন।
কেএন/এসএন