© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাঞ্ছারামপুরে টয়লেট নির্মাণ প্রকল্পে অনিয়ম, তদন্তের নির্দেশ পরিকল্পনা প্রতিমন্ত্রীর

শেয়ার করুন:
বাঞ্ছারামপুরে টয়লেট নির্মাণ প্রকল্পে অনিয়ম, তদন্তের নির্দেশ পরিকল্পনা প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উজানচর ইউনিয়নে টয়লেট নির্মাণ প্রকল্পের অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই প্রকল্পে অনিয়মের বিষয়টি তার নজরে আসে। পরে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নির্দেশনার কথা উল্লেখ করে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, ‘প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ১৩টি ইউনিয়নে কোটি কোটি টাকা ব্যয়ে চলমান কাজটির বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে নির্দেশনা দিয়েছেন।

সে অনুযায়ী এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দুজন হলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিজানুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। তাদের আগামী ৩ কর্মদিবসে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে।’

এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর বাঞ্ছারামপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. আবু সায়েম জানান, ঠিকাদার প্রতিষ্ঠান বলেছে, আগামী দুই দিনের মধ্যে নিম্নমানের স্যানিটারি সামগ্রী রিপ্লেসমেন্ট (পরিবর্তন) করে দেবে।

ইতোমধ্যে তারা সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উজানচর ইউনিয়নে মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় টয়লেট নির্মাণ করা হচ্ছে। তবে এই কাজে অনিয়ম, নিম্নমান ও দুর্নীতির অভিযোগ উঠে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।

সংবাদটি এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নজরে পড়ে। এর পরই বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন তিনি।

এসএন 

মন্তব্য করুন