গোপন তথ্যে ৫ হাজার লিটার জ্বালানি জব্দ, ফেঁসে গেলেন ব্যবসায়ী
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দাদের (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত করে রাখা সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় আ. জলিল নামের এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আ. জলিল জোড্ডা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি মেসার্স জলিল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
নাঙ্গলকোট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কুমিল্লা জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা ও নাঙ্গলকোট থানার ওসি মো. আরিফুর রহমানের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন তেল জব্দ করা হয়।
ওসি আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২৭ ড্রাম ডিজেল যার ওজন সাড়ে ৫ হাজার লিটার এবং ২৪ লিটার কেরোসিন তেল মজুত করে রাখেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করেছে পুলিশ, কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত তেল মামলার জব্দ হিসেবে থানায় রাখা হয়েছে।
আইকে/টিএ