‘প্রেম রতন ধন পায়ো’র আবহে ফিরছে আয়ুষ্মান-শর্বরীর নতুন জুটি
ছবি: সংগৃহীত
০৭:৩৮ এএম | ২২ এপ্রিল, ২০২৬
গরমের দমবন্ধ করা আবহে যখন নাজেহাল সাধারণ মানুষ, ঠিক সেই সময়ই রুপালি পর্দায় প্রেমের রঙে ভাসতে দেখা যাচ্ছে আয়ুষ্মান খুরানাকে। সদ্য প্রকাশ্যে এসেছে ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবির ঝলক, যেখানে একসঙ্গে একাধিক নায়িকার সঙ্গে তার রোম্যান্টিক উপস্থিতি ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। সারা আলি খান, ওয়ামিকা গাব্বি এবং রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে মিষ্টি প্রেমের দৃশ্য যেমন আলোচনায়, তেমনই নতুন করে আরেক প্রেমের গল্পেও জড়াতে চলেছেন এই অভিনেতা।
তবে পর্দার এই প্রেমের গল্পের বাইরেও আরও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। পরিচালক সূরজ আর বর্জাতিয়ার হাত ধরে নতুন ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী বাগ। ‘ইয়ে প্রেম মোল লিয়া’ নামের এই ছবিতে ধরা পড়বে তাদের অনস্ক্রিন রোম্যান্স। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও ইতিমধ্যেই মুক্তির দিন ঘোষণা হয়েছে, তবু চরিত্রগুলোর লুক এখনও প্রকাশ্যে না আসায় কৌতূহল আরও বেড়েছে।

এই নতুন ছবির প্রসঙ্গে অনায়াসেই ফিরে আসে এক দশকেরও বেশি পুরনো স্মৃতি। সালমান খান ও সোনম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে যে ‘প্রেম’ চরিত্র দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল, সেই আবহই যেন ফের ফিরে আসতে চলেছে। যদিও সেই পুরনো জুটি আর থাকছে না, তবু আয়ুষ্মানের মধ্যেই নতুন করে প্রেমিক চরিত্রকে খুঁজে পেয়েছেন সূরজ বর্জাতিয়া। ফলে দীর্ঘদিন পর ‘প্রেম’ চরিত্রের প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
ছবিটির সংগীত নিয়েও প্রত্যাশা কম নয়। কারণ এই ছবির মাধ্যমে আবারও সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করছেন সূরজ বর্জাতিয়া। অন্যদিকে আয়ুষ্মান নিজেও জানিয়েছেন, এই পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা তার অনেক দিনের। নির্মাতার মতে, বক্স অফিসের হিসাব নয়, বরং দর্শকের আবেগের সঙ্গে সংযোগ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উল্লেখযোগ্য বিষয়, ছবিটির প্রাথমিক নাম ছিল ‘প্রেম কি শাদি’, পরে তা বদলে রাখা হয় ‘ইয়ে প্রেম মোল লিয়া’। নাম বদলের সঙ্গে সঙ্গে ছবির আবহেও এসেছে নতুনত্বের ইঙ্গিত। এখন দেখার, পর্দায় এই নতুন প্রেমের গল্প কতটা ছুঁতে পারে দর্শকের মন।
এসএ/এসএন