টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ১
ছবি: সংগৃহীত
০৭:৪৭ এএম | ২২ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের তারটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের হেল্পার।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আটটার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উত্তরবঙ্গ লেনে এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম মতিন (৩১)। তিনি পাবনার চাটমোহর উপজেলার চর এনায়েতপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের তারটিয়া এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের ভেতরে থাকা চালক ও হেল্পার দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মতিনকে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট স্বপন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কের ওই লেনে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়েছিল। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেএন/এসএন