শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের কাছে অবৈধ ইটভাটা, মালিককে ১ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৭:৫৫ এএম | ২২ এপ্রিল, ২০২৬
শরীয়তপুর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ২৫০ মিটারের মধ্যে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ইটভাটাটির চিমনি ভেঙে অকার্যকর করার পাশাপাশি মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শৌলপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামের ইটভাটাটি ১১৭ নং সারেংগা সামাদ মাদবর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষেই পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও আইন অমান্য করে মাত্র ২৫০ মিটারের মধ্যে ভাটাটি গড়ে তোলা হয়। এছাড়া ভাটাটির কোনো বৈধ অনুমোদন ছিল না।
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা। আদালতের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, আইন অনুযায়ী ভাটাটির অবস্থান সম্পূর্ণ অবৈধ। তিন বছর আগে থেকেই কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হলেও তারা তা মানেনি। হাইকোর্টের নির্দেশনার আলোকে আমরা এই ব্যবস্থা নিয়েছি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা বলেন, বিদ্যালয়ের এত কাছে ভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, আনসার ভিডিপি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
আরআই/ এসএন