বিচ্ছেদের ১১ বছর পর নতুন জীবন শুরু করছেন জেনিফার!
ছবি: সংগৃহীত
১০:৫৪ এএম | ২২ এপ্রিল, ২০২৬
বিবাহবিচ্ছেদের এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও ব্যক্তিগত জীবনের প্রতিটি মোড় নিয়ে ভক্তদের কৌতূহল যেন কমেনি একটুও। ছোট পর্দার জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। কবে তিনি আবার নতুন সম্পর্কে জড়াবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এবার সামনে এসেছে বিয়ের গুঞ্জন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি নাচের ছোট ভিডিও ঘিরেই এই আলোচনা দানা বাঁধে। ভিডিওটিতে এক রহস্যময় পুরুষের সঙ্গে একদল মহিলাকে নাচতে দেখা যায়। সেখানে মজার ছলে জেনিফারের একটি মন্তব্যই যেন আগুনে ঘি ঢেলে দেয়। তিনি লেখেন, এমন নাচ শিখতে একটি পরিচয়মূলক পাঠ চান। আর এই সামান্য কথাতেই ভক্তদের মনে জন্ম নেয় বড় প্রশ্ন তবে কি সত্যিই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?
ভিডিওটির মূল বার্তাও ছিল বিয়ের নাচ শেখানো নিয়ে। সেখানে আগ্রহীরা মন্তব্য করলে তাদের নাচ শেখানো হবে বলে জানানো হয়েছিল। সেই পোস্টেই জেনিফারের মন্তব্য যেন মুহূর্তেই অন্য মাত্রা পায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে, আর মন্তব্যের ঘরে শুরু হয় প্রশ্নের ঝড়। অনেকেই সরাসরি জানতে চান, তিনি কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?

এর মধ্যেই ভক্তদের একাংশের দাবি, বেশ কিছুদিন ধরেই নাকি সিঙ্গাপুরে যাতায়াত বেড়েছে জেনিফারের। এমনকি এক বিদেশি ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও আগে থেকেই চর্চা চলছিল। কেউ কেউ আবার মনে করছেন, বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তিনি নাচ শেখার কথা বলেছেন কিংবা বিয়েসংক্রান্ত পেশাদারদের অনুসরণ করছেন।
অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০১২ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। কাজের সূত্রেই কাছাকাছি আসা এই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৪ সালেই তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে করণ নতুন জীবনে পা রাখেন এবং বর্তমানে পরিবার নিয়ে সুখেই রয়েছেন।
অন্যদিকে, বিচ্ছেদের পর নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন জেনিফার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্পর্ক ভাঙার সময়টা তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল। চারপাশের নানা মন্তব্য ও চর্চা তাঁকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তবে ধীরে ধীরে কাজে ফেরার মধ্য দিয়েই তিনি নিজেকে সামলে নেন।
এরপর বিভিন্ন সময়ে সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর নাম জড়ালেও সেসব গুঞ্জন কখনোই সত্যি বলে প্রমাণিত হয়নি। কিন্তু এবার একটি সাধারণ মন্তব্য ঘিরে যেভাবে বিয়ের আলোচনা শুরু হয়েছে, তা আবারও প্রমাণ করল তারকাদের জীবনে ছোট ঘটনাও বড় আলোচনার জন্ম দিতে পারে।
এখন ভক্তদের একটাই প্রশ্ন সত্যিই কি নতুন করে জীবনের পথে হাঁটতে চলেছেন জেনিফার, নাকি এ সবই কেবল কৌতূহল আর কল্পনার মিশেল?
এসএস/এসএন