সিনেমার ক্যামিও থেকে বাদ পড়লেন সিডনি সুইনি
ছবি: সংগৃহীত
০২:০৯ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
বহুল প্রত্যাশিত আসন্ন হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’-তে সিডনি সুইনির অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। সিনেমাটির ফাইনাল এডিটের সময় তার অংশটুকু বাদ দেওয়া হয়েছে। এই সিনেমার একটি বিশেষ চরিত্রে, অর্থাৎ ক্যামিওতে হাজির হওয়ার কথা ছিল এই অভিনেত্রীর।
ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, এই হলিউড তারকা এমিলি ব্লান্টের সঙ্গে সেই ক্যামিও দৃশ্যের শুটিং করেছিলেন। কিন্তু চূড়ান্ত সম্পাদনার সময় দৃশ্যটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে।
প্রথম সিনেমায় এমিলি চার্লটনকে (এমিলি ব্লান্ট) একজন সাধারণ কর্মী হিসেবে দেখা গেলেও দুই দশক পরের এই সিক্যুয়েলে তার বড় পদোন্নতি দেখানো হয়েছে। সেই এমিলি এখন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘ডিওর’-এর আমেরিকান অঞ্চলের প্রধান হিসেবে কর্মরত।
সিনেমাটি যখন এডিটিংয়ের পর পরীক্ষামূলকভাবে কিছু দর্শককে দেখানো হয়, তখন তারা এই দৃশ্যগুলো পছন্দ করেননি। তাদের মনে হয়েছে, এই দৃশ্যগুলো সিনেমার গল্পের সাথে ঠিক খাপ খাচ্ছে না।

শুধু সিডনি সুইনিই নন, সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতা কনরাড রিকামোরার দৃশ্যও। তাকে মূল চরিত্র অ্যান্ডির (অ্যান হ্যাথাওয়ে) রুমমেট হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু দর্শকদের প্রশ্ন ছিল, পেশাগত জীবনে ২০ বছর পার করা একজন সিনিয়র এক্সিকিউটিভের কেন এই বয়সে রুমমেটের সঙ্গে থাকতে হবে? এমন যুক্তিতেই নির্মাতারা দৃশ্যটি ছেঁটে ফেলেছেন।
তবে সিনেমাটিতে এখনও বেশ কয়েকজন তারকাকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। মার্কিন পপ তারকা লেডি গাগা এতে অভিনয় করার পাশাপাশি সাউন্ডট্র্যাকের জন্য একটি গানও রেকর্ড করেছেন। ডোনাটেলা ভারসাচিও মিলানে একটি ক্যামিও দৃশ্যের শুটিং করেছেন, আর সুপার মডেল নাওমি ক্যাম্পবেলকে দেখা যাবে মিলান ফ্যাশন উইকের সময় ধারণকৃত একটি দৃশ্যে।
দীর্ঘ ২০ বছর পর আবারও একই ফ্রেমে মিরান্ডা প্রিস্টলি (মেরিল স্ট্রিপ) ও অ্যান্ডি স্যাকস (অ্যান হ্যাথাওয়ে)। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’-এর টিজার থেকে নেওয়া দৃশ্য।
ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত এবং অ্যালাইন ব্রোশ ম্যাককেনা রচিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’-তে অ্যান হ্যাথাওয়ে এবং মেরিল স্ট্রিপ তাদের আইকনিক চরিত্র যথাক্রমে অ্যান্ডি এবং মিরান্ডা প্রিস্টলি হিসেবে ফিরেছেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তিটি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল। সম্প্রতি নিউ ইয়র্কে সিনেমাটির সিক্যুয়েল প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
এসএ/এসএন