‘ডন ৩’ বিতর্কে ফারহানকে ক্ষতিপূরণ দিতে রাজি রণবীর সিং
ছবি: সংগৃহীত
বলিউডের বহুল আলোচিত ‘ডন ৩’ ঘিরে তৈরি হওয়া জটিলতা এবার নতুন মোড় নিতে চলেছে। ‘ধুরন্ধর’ সাফল্যের পর এই মেগাবাজেট ছবিটি থেকে সরে দাঁড়ান অভিনেতা রণবীর সিং। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা- চিত্রনাট্য পছন্দ না হওয়ায় কি নিজেই সরে গেলেন, নাকি প্রযোজকদের সঙ্গে মতবিরোধেই তাঁকে বাদ দেওয়া হয়েছে- এই প্রশ্নে এখনও সরগরম বিনোদন দুনিয়া।
ছবির কাজ মাঝপথে থেমে যাওয়ায় প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি প্রথমে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। শোনা যায়, সেই দাবি ছিল প্রায় চল্লিশ কোটি টাকা। যদিও সেই সময় প্রোডিউসার্স গিল্ডের বৈঠকে রণবীর স্পষ্ট জানিয়ে দেন, এই অর্থ দেওয়া তাঁর দায়িত্ব নয়।
তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নতুন করে খবর, সম্পর্কের তিক্ততা মেটাতে এবার নিজেই এগিয়ে এসেছেন রণবীর। জানা যাচ্ছে, ‘ডন ৩’-এর জন্য আগে নেওয়া অগ্রিম পারিশ্রমিক
ফেরত দিতে রাজি হয়েছেন তিনি। খুব শিগগিরই চুক্তিপত্র সম্পন্ন করে প্রায় দশ কোটি টাকা প্রযোজনা সংস্থাকে ফেরত দিতে পারেন অভিনেতা।

এতেই শেষ নয়, শোনা যাচ্ছে তাঁর আসন্ন ছবি ‘প্রলয়’-এর একটি অংশীদারিত্বও নাকি ফারহান আখতারের হাতে তুলে দিতে পারেন রণবীর। যদিও এই অংশীদারিত্বের পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবুও এই উদ্যোগকে অনেকেই সম্পর্ক পুনর্গঠনের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।
উল্লেখযোগ্যভাবে, এর আগে সঞ্জয় লীলা বনশালির একটি ছবির জন্য দীর্ঘ সময় ব্যয় করেও কোনও ক্ষতিপূরণ দাবি করেননি বলে দাবি করেছিলেন রণবীর। সেই যুক্তিতেই তিনি প্রথমে ‘ডন ৩’ প্রসঙ্গে দায় এড়িয়েছিলেন।
তবে এবার নিজেই এগিয়ে এসে সমাধানের পথে হাঁটতে চাইছেন তিনি। যদিও এখনও পর্যন্ত রণবীর সিং বা ফারহান আখতার- কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
এসএ/এসএন