অংশীজনের মতামতেই সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হবে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:২৭ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে গণমাধ্যমের সব অংশীজনের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২২ এপ্রিল) সকালে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোবাইল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। তিনি আরও বলেন, রাজনীতি ও গণমাধ্যম উভয়ক্ষেত্রেই জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করা জরুরি।
এদিকে সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজে। এ সময় ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। আর ড. সুসান ভাইজ গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
এবি/টিএ