বিবাহিত অবস্থায় তানিয়াকে বার্তা, চাহালকে ঘিরে নতুন বিতর্ক
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়-এর দাবি, বিবাহিত অবস্থাতেই তার সঙ্গে গোপনে যোগাযোগ করেছিলেন এই স্পিনার। আর সেই অভিযোগ সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। তানিয়ার একটি ছবিতে মন্তব্য করেছিলেন চহল। অভিনেত্রীর কথায়, তিনি নিজেও বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব দেননি। কিন্তু পরে সাংবাদিকদের সামনে নিজের ফোন দেখিয়ে তিনি জানান, চহল তাঁকে ব্যক্তিগত বার্তায় লিখেছিলেন তাকে নাকি খুব মিষ্টি দেখতে লাগে। সেই বার্তা প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়।
তানিয়ার দাবি, শুধু বার্তা পাঠানোতেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। ওই বার্তা মুছে ফেলার জন্য চহলের সহকারী দলের পক্ষ থেকে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। যদিও পরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করে জানান, ওই দু’টি বার্তা ছাড়া চহলের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ হয়নি। এমনকি শুরুতে তিনি চহলকে চিনতেনও না বলেই দাবি করেন।

এই ঘটনার সঙ্গে জড়িয়ে উঠেছে চহলের ব্যক্তিগত জীবনও। ২০২৫ সালে নৃত্যশিল্পী ধনশ্রী বর্মা-র সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। বিচ্ছেদের পর ধনশ্রী অভিযোগ করেছিলেন, বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই সম্পর্কে ভাঙন ধরেছিল। সেই প্রেক্ষাপটে তানিয়ার এই দাবি নতুন মাত্রা যোগ করেছে বিতর্কে।
তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তানিয়া। তাঁর কথায়, এই বার্তা প্রকাশ্যে আনার পর থেকেই উল্টে তার দিকেই অভিযোগের আঙুল উঠছে। অনেকেই বলছেন, এতে চহলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি তাঁর বিরুদ্ধে মানহানির মামলার হুমকিও নাকি দেওয়া হয়েছে বলে দাবি অভিনেত্রীর।
সব মিলিয়ে, একটি সংক্ষিপ্ত বার্তাকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন ব্যক্তিগত সম্পর্ক, অতীতের অভিযোগ এবং বর্তমানের আইনি জটিলতা সবকিছুকে একসঙ্গে টেনে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে চহল ও তানিয়াকে।
পিআর/টিএ