গরমে সুস্থ থাকার উপায় জানালেন অভিনেত্রী রূপাঞ্জনা
ছবি: সংগৃহীত
০৪:৫১ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহে মাঠে নেমেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তরবঙ্গে জোরকদমে প্রচার সেরে ফিরেছেন তিনি। বৈশাখের তীব্র গরম আর টানা সফরের মাঝেও কীভাবে নিজেকে সুস্থ রাখছেন, তা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।
রূপাঞ্জনার কথায়, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্য হতে না দেওয়া। প্রচারের ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত জল পান করছেন এবং যতটা সম্ভব চা-কফি এড়িয়ে চলছেন। দূরের এলাকায় যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, তাই শরীর ঠিক রাখতে ‘হাইড্রেটেড’ থাকাকেই তিনি প্রধান মন্ত্র হিসেবে ধরেছেন।
খাবারের দিক থেকেও খুব বেশি জটিলতায় যান না অভিনেত্রী। হোটেলে থাকায় সব সময় বাড়ির মতো খাবার না পেলেও একবেলা ভাত খাওয়ার চেষ্টা করেন। সকালে ভাত, ডাল আর সামান্য তরকারি খেয়েই বেরিয়ে পড়েন প্রচারে। তার মতে, এই সাধারণ খাবারই শরীরকে ঠিক রাখার জন্য যথেষ্ট।

পোশাকের ক্ষেত্রেও রয়েছে সহজ সরল ভাবনা। গরম থেকে বাঁচতে সুতির হালকা পোশাকই বেছে নিচ্ছেন তিনি। বিশেষ কোনও পরিকল্পনা না করে হাতের কাছে যা আছে, তাই দিয়েই কাজ চালিয়ে নিচ্ছেন বলে জানান অভিনেত্রী।
তবে শুধু শরীরচর্চা বা খাদ্যাভ্যাস নয়, প্রচারের অভিজ্ঞতাও শেয়ার করেছেন রূপাঞ্জনা। উত্তরবঙ্গে ঘুরে মানুষের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে নানা অসন্তোষ চোখে পড়েছে। অনেক বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠে এসেছে, যা তাকে ভাবিয়ে তুলেছে। তাঁর মতে, এই পরিস্থিতি আরও গভীরে গিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।
রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন রূপাঞ্জনা। তিনি মনে করেন, পূর্ণ সময় রাজনীতিতে নামলে সেটাই করা উচিত, একসঙ্গে অভিনয় ও রাজনীতি সামলানো ঠিক নয়। তাই সঠিক সময় এলে পুরোপুরি ভাবে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ার কথাও জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে, চাঁদিফাটা গরমের মধ্যে নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও নিজের স্বাস্থ্যের যত্ন আর রাজনৈতিক অবস্থান দুই দিকই সামলাচ্ছেন রূপাঞ্জনা মিত্র, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
পিআর/টিএ