© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রকস্টার’-এর শুটিংয়ের একাধিক দৃশ্য ফাঁস, কী বলছেন নির্মাতা?

শেয়ার করুন:
‘রকস্টার’-এর শুটিংয়ের একাধিক দৃশ্য ফাঁস, কী বলছেন নির্মাতা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
শাকিব খানের শুটিং মানেই ভক্ত-অনুরাগীদের ভিড়। ঢালিউডের জনপ্রিয় এই তারকার শুটিংয়ের খবর পেলেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এক নজর দেখতে। অনেকেই সেই মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর শুটিং নিয়ে। মালয়েশিয়ায় ছবির কিছু অংশের কাজ শেষ করে এখন রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। এরই মধ্যে শুটিংয়ের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি মালয়েশিয়ায় ধারণ করা কয়েকটি দৃশ্যের ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। সেখানে শাকিব খানের নতুন লুক, হাঁটা ও অভিনয়ের কিছু অংশ দেখা গেছে। এর আগে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশন থেকেও এ রকম ছবি ফাঁস হতে দেখা গেছে। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ছবির পরিচালক আজমান রুশো। জানা গেছে, এ ঘটনায় অসন্তুষ্ট শাকিব খানও।



এ প্রসঙ্গে বুধবার বিকেলে দেশের এক গণমাধ্যমকে নির্মাতা আজমান রুশো বলেন, ‘একজন নির্মাতা হিসেবে আমি শুধু আমার কাজটাই করতে জানি এবং মনোযোগ দিয়ে সেটাই করার চেষ্টা করছি। দিন শেষে কাজটা যদি ভালো না হয়, দায় কিন্তু আমার ওপরই আসবে। যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই দর্শকদের ভালো কিছু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।’ শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়া নিয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি প্রচণ্ড বিরক্ত। কে বা কারা এগুলো করছে, তা বলা কঠিন। মালয়েশিয়ায় যেখানে শুটিং করেছি, সেখানে প্রায় দেড় শতাধিক বিদেশি শিল্পী ছিলেন।

হয়তো তাদের মধ্য থেকেই কেউ এটি করেছে, না হলে এভাবে বাইরে আসার কথা নয়। এ ছাড়া সেখানে একটি বাঙালি রেস্টুরেন্টে শুটিং করেছিলাম। শুটিং শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হতে হতেই দেখি কে বা কারা যেন ছবি তুলে আপলোড দিয়ে দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমি আমার টিমের সবার কাছ থেকে মোবাইল ফোন রেখে দিয়ে শুটিং করি। কিন্তু ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ করার সময় বাইরে থেকে অনেকে দূর থেকে জুম করে ছবি ও ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। এদের থামাবে কে? কে কখন কোথা থেকে ছবি তুলছে, সেদিকে নজর দিলে তো কাজই করতে পারব না।’

জানা গেছে, ইতোমধ্যে ছবিটির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। খুব শিগগির বাকি অংশের কাজ শেষ করে শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরু থেকেই জোরালো প্রচারণা শুরু হবে। এরপর ঈদ উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এবি/টিএ

মন্তব্য করুন