© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরীয়তপুরে তেল নিতে শ্যালো মেশিন কাঁধে ফিলিং স্টেশনে হাজির কৃষকেরা

শেয়ার করুন:
শরীয়তপুরে তেল নিতে শ্যালো মেশিন কাঁধে ফিলিং স্টেশনে হাজির কৃষকেরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
শরীয়তপুরে সেচের জ্বালানি সংগ্রহের এক অভিনব ও ব্যতিক্রমী দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খোলা পাত্রে তেল না পাওয়ার আশঙ্কায় খোদ সেচ কাজে ব্যবহৃত ভারী শ্যালো মেশিন কাঁধে করেই ফিলিং স্টেশনে হাজির হয়েছেন একদল কৃষক।

বুধবার (২২ এপ্রিল) ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডগ্রি বাজার এলাকার মেসার্স চোকদার ফিলিং স্টেশনে কয়েকজন কৃষক কাঁধে করে শ্যালো মেশিন নিয়ে আসছেন।

পাম্পে পৌঁছে তারা সরাসরি মেশিনের ট্যাংকেই তেল ভরার প্রস্তুতি নেন। মূলত খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রিতে প্রশাসনিক কড়াকড়ি থাকায়, হয়রানি এড়াতে কৃষকরা এই ভিন্নধর্মী পথ বেছে নেন।

ভুক্তভোগী কৃষক জাবেদ আলী গণমাধ্যমকে জানান, বোরো মৌসুমে সেচ কাজের জন্য তেলের প্রয়োজন হলেও খোলা পাত্রে তেল পেতে তাদের বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম বোতলে তেল দেবে না, তাই মেশিনটাই কাঁধে করে নিয়ে আসছি। সাথে মেশিন থাকলে তো আর পাম্প কর্তৃপক্ষ না করতে পারবে না।

মেসার্স চোকদার ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল জব্বার দেশের একটি গণমাধ্যমকে জানান, ঘটনাটি গত ১৮ এপ্রিল শনিবার সকালের। তিনি বলেন, সরকারি নিয়মানুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ। বিশেষ করে আগে অকটেন ও পেট্রোল বোতলে দেওয়া একদম বন্ধ ছিল, যা নিয়ে কৃষকদের মধ্যে একধরনের আতঙ্ক বা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের সেচ কাজ সচল রাখতে জ্বালানি সরবরাহে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সঠিক পরিচয় বা কৃষি কার্ড প্রদর্শন করে কৃষকরা এখন প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন। তবে প্রচারণার অভাবে অনেক সাধারণ কৃষকের মধ্যে এখনো বিভ্রান্তি রয়ে গেছে, যার ফলশ্রুতিতে এমন মেশিন কাঁধে পাম্পে আসার ঘটনা ঘটেছে।

এসকে/টিএ

মন্তব্য করুন