সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
০৯:৩৭ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের বক্তব্যটি সরবরাহ করেন তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসির সঙ্গে কথা কাটাকাটিতে জড়ানোর ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর ছড়ানোর পর এমন বক্তব্য দিলেন রুমিন ফারহানা।
লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে তিনি অপেক্ষা করছেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান রুমিন ফারহানা। অনিয়ম-দুর্নীতি এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি। এ সময় ওসি বলেন, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি, স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।
এমআই/টিএ