কেমন হল রাজকুমার রাওয়ের 'টোস্টার'?
ছবি: সংগৃহীত
০৮:১৩ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
একটি সাধারণ বৈদ্যুতিক যন্ত্রকে কেন্দ্র করে কীভাবে তৈরি হতে পারে রহস্য, অপরাধ আর ব্যঙ্গের জটিল গল্প সেই চেষ্টাই দেখা গেল সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টোস্টার’ ছবিতে। ওটিটি মঞ্চে প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে শুরু হয়েছে আলোচনা, তবে সেই আলোচনা কতটা ইতিবাচক, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
পরিচালক বিবেক দাশচৌধুরী একেবারে সাধারণ এক বস্তু টোস্টারকে ঘিরে তৈরি করেছেন পুরো কাহিনি। গল্পের কেন্দ্রে রয়েছেন রাজকুমার রাও অভিনীত রমাকান্ত, এক মধ্যবিত্ত মানুষ, যার জীবনের মূল লক্ষ্য খরচ বাঁচানো। সংসার চালাতে হিমশিম খাওয়া এই মানুষটি সামান্য অর্থ সাশ্রয়ের জন্য এমন সব সিদ্ধান্ত নেয়, যা তাকে ক্রমে জড়িয়ে ফেলে অদ্ভুত সব ঘটনায়।

রমাকান্তের জীবনে মোড় ঘোরে একটি উপহার দেওয়া টোস্টারকে ঘিরে। স্ত্রীর গুরুর মেয়ের বিয়েতে দেওয়া সেই উপহার ফেরত পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি। কিন্তু সেই টোস্টার পৌঁছে যায় এক অনাথ আশ্রমে। সেখান থেকে সেটি উদ্ধার করার চেষ্টা করতে গিয়েই জড়িয়ে পড়েন একের পর এক বিপজ্জনক ঘটনায়। প্রতিবেশীর মৃত্যু, মাদকাসক্ত যুবকের সঙ্গে সংঘর্ষ, এবং শেষে ব্ল্যাকমেলের ফাঁদ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। এমনকি সেই টোস্টারের মধ্যেই লুকিয়ে থাকে এক বড়সড় গোপন তথ্য, যার খোঁজে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।
রমাকান্তের স্ত্রীর ভূমিকায় সানিয়া মালহোত্রা যথেষ্ট স্বাভাবিক অভিনয় করেছেন। তাঁর চরিত্রে অতিরিক্ত নাটকীয়তা নেই, যা গল্পকে কিছুটা ভারসাম্য দেয়। অন্যদিকে, স্বল্প উপস্থিতিতেও মাদকাসক্ত গ্লেন চরিত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর কাড়েন। দীর্ঘদিন পর পর্দায় দেখা যায় অর্চনা পূরণ সিং-কেও।
তবে মূল সমস্যা রয়ে গেছে চিত্রনাট্য এবং উপস্থাপনায়। যে গল্প থেকে তীক্ষ্ণ ব্যঙ্গ বা রুদ্ধশ্বাস রহস্য তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, তা পুরোপুরি কাজে লাগানো যায়নি। হাস্যরসের দৃশ্যগুলোও অনেক সময় জোর করে তৈরি করা বলে মনে হয়। বিশেষ করে রাজকুমার রাওয়ের অভিনয়ে কিছু জায়গায় অস্বাভাবিক অভিব্যক্তি দর্শকের মনে প্রশ্ন তোলে।

একসময় ‘ট্র্যাপড’, ‘নিউটন’, ‘সিটিলাইটস’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতায় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন রাজকুমার। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ছবি নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা চোখে পড়ছে। এই ছবিও সেই ধারার বাইরে যেতে পারেনি।
সব মিলিয়ে, একটি ভিন্নধর্মী ভাবনার উপর দাঁড়িয়ে তৈরি হলেও ‘টোস্টার’ শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ। মহারাজের জীবনীচিত্রে অভিনয়ের আগে এই ছবিতে রাজকুমারের পারফরম্যান্স নতুন করে প্রশ্ন তুলে দিল তাঁর সাম্প্রতিক কাজের মান নিয়ে।
পিআর/টিএ