কীভাবে তৈরি হয়েছিল ‘ধুরন্ধর’?
ছবি: সংগৃহীত
০৯:২০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
বক্স অফিস কাঁপানো সাফল্যের মাঝেই আরও বড় চমক নিয়ে হাজির ‘ধুরন্ধর’ টিম। ধুরন্ধর এবং তার পরবর্তী পর্ব ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার সামনে এল এক অভিনব উদ্যোগ, যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।
পরিচালক আদিত্য ধর এবং অভিনেতা রণবীর সিং-এর জুটি ইতিমধ্যেই বক্স অফিসে এক নতুন ইতিহাস তৈরি করেছে। ২০২৫ এবং ২০২৬ পরপর দুই বছরে মুক্তি পাওয়া এই দুই ছবির সাফল্য যেন সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। কিন্তু সাফল্যের এই ধারা থামেনি এখানেই। বরং এবার নির্মাতারা ঠিক করেছেন, ছবির শুটিংয়ের নেপথ্যের গল্প নিয়েই তৈরি হবে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সাধারণত কোনও ছবির শুটিংয়ের মুহূর্ত বা নেপথ্যের দৃশ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু ‘ধুরন্ধর’ টিম সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সব নেপথ্যের ফুটেজ, তারকাদের সাক্ষাৎকার এবং শুটিংয়ের অভিজ্ঞতা একত্রিত করে তৈরি করবেন একটি আলাদা ছবি। এই ‘মেকিং ফিল্ম’ সরাসরি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।
এই পরিকল্পনার অংশ হিসেবেই এখনও পর্যন্ত ছবির সঙ্গে যুক্ত কোনও তারকাই গণমাধ্যমের সামনে আসেননি। জানা যাচ্ছে, তাঁদের প্রথম সাক্ষাৎকারও এই নতুন ছবির মধ্যেই দেখা যাবে। অর্থাৎ, দর্শক একসঙ্গে পাবেন ছবির গল্পের বাইরে আরও এক বাস্তব অভিজ্ঞতা যা এতদিন পর্দার আড়ালেই থেকে যেত।
এদিকে মূল ছবির সাফল্যও থামার নয়। বিশ্বজুড়ে বিপুল আয় করে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন সর্বোচ্চ আয়ের তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে। খুব শিগগিরই বাহুবলী ২-এর ঐতিহাসিক রেকর্ড ভাঙার সম্ভাবনাও তৈরি হয়েছে। এতে করে স্পষ্ট, এই ফ্র্যাঞ্চাইজি শুধু জনপ্রিয়তাই নয়, নতুন নজির গড়ার দিকেও এগোচ্ছে দ্রুত।
সব মিলিয়ে, একটি সফল ছবির নেপথ্যের গল্পকে বড় পর্দায় তুলে ধরার এই উদ্যোগ যে দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করবে, তা বলাই যায়। এখন অপেক্ষা, প্রেক্ষাগৃহে এই নতুন অভিজ্ঞতা কতটা সাড়া ফেলে।
পিআর/টিএ