সেই শূন্যতা এখনও রয়ে গেছে: ফারহানা
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
এক বছর পেরিয়েও ভুলে যাওয়া যায়নি সেই ভয়াবহ দিন। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২০২৫ সালের ২২ এপ্রিল ঘটে যাওয়া জঙ্গি হামলার স্মৃতি আজও তাড়া করে ফিরছে বহু মানুষকে। সেই ঘটনার বর্ষপূর্তিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন কাশ্মীরি অভিনেত্রী ফারহানা ভাট।
অভিনয়ের জগতে পরিচিতি পেলেও ‘লায়লা মজনু’ ছবিতে কাজ করার পাশাপাশি বিগ বস ১৯-এর মাধ্যমে দর্শকের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে এই দিনটিতে কোনও সাফল্যের গল্প নয়, বরং স্মৃতির গভীর ক্ষত নিয়েই সামনে এলেন ফারহানা।

সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ফিরে গিয়েছেন সেই মর্মান্তিক ঘটনার দিনে। বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক। ফারহানার ভাষায়, সময় এক বছর এগোলেও সেই ঘটনার পরের নৈঃশব্দ্য এখনও তাঁকে তাড়া করে বেড়ায়। তিনি জানান, সেই শূন্যতা আজও অনুভব করেন, আর নিহতদের স্মৃতি তাঁর মনে অমলিন।
শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ নিয়েও এক গভীর আশার কথা জানিয়েছেন অভিনেত্রী। তার কামনা, এমন ভয়াবহ ঘটনা যেন আর কখনও না ঘটে, আর উপত্যকা যেন শান্তির পথে এগোয়। এই বার্তার মাধ্যমে তিনি একদিকে যেমন শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের, তেমনই তুলে ধরেছেন শান্তি ও নিরাপত্তার প্রয়োজনীয়তা।
অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় ফারহানা ভাটের এই আবেগঘন পোস্ট অনুরাগীদেরও নাড়িয়ে দিয়েছে। এক বছর পরেও পহেলগাঁওয়ের সেই নীরবতা যে এখনও জীবন্ত, তার কথায় তা আবারও স্পষ্ট হয়ে উঠল।
পিআর/টিএ