© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষকদের এপ্রিল মাসের এমপিও বিল জমা দেওয়ার সময় জানাল মাউশি

শেয়ার করুন:
শিক্ষকদের এপ্রিল মাসের এমপিও বিল জমা দেওয়ার সময় জানাল মাউশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
​দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৪ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের এই বিল অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

​বুধবার (২২ এপ্রিল) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগস্ট-২০১৫ থেকে এমপিওর অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই ধারাবাহিকতায় এপ্রিল মাসের বেতন ও ভাতার জন্য ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করতে হবে।

​মাউশি জানায়, কোনো শিক্ষক-কর্মচারী যদি চলতি মাসে অবসরে যান, পদত্যাগ করেন কিংবা মৃত্যুবরণ করেন, তবে তাদের বিল সাবমিট করা যাবে না। এছাড়া সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির ক্ষেত্রে বেতন বন্ধ রাখার জন্য বিলে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। কোনো শিক্ষক বা কর্মচারী যদি পুরো মাসের বেতন পাওয়ার যোগ্য না হন কিন্তু বকেয়া পাওনা থাকে, সেক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করতে হবে।

​অধিদপ্তর সতর্ক করে বলেছে, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই এমপিও’র টাকা ছাড় করা হয়। তাই তথ্যের নির্ভুলতা যাচাইয়ের সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। ভুল তথ্যের কারণে অতিরিক্ত টাকা দেওয়া হলে এর জন্য প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ী থাকতে হবে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুধুমাত্র যাদের তথ্য আইবাস++ সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়েছে, তাদের নামই বিল সাবমিট অপশনে দেখা যাবে। যাদের তথ্য এখনো যাচাই করা হয়নি বা ত্রুটিপূর্ণ, তাদের তথ্য সংশোধনের পর পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

এমআর/টিকে  

মন্তব্য করুন