© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি অসহায়, আমার সঙ্গে আল্লাহ ছাড়া কেউ নেই : তনুর বাবা

শেয়ার করুন:
আমি অসহায়, আমার সঙ্গে আল্লাহ ছাড়া কেউ নেই : তনুর বাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
আমি খুব অসহায়, আমার সঙ্গে এক আল্লাহ ছাড়া কেউ নাই, আমি খুব আশাবাদী আমার মেয়ের হত্যাকারীদের সঠিক বিচার হবে। দীর্ঘ ১১ বছর আমি বিচারের অপেক্ষায় আদালতের বারান্দায় ঘুরেছি, কিন্তু আমি হাল ছাড়িনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আবেদন, আমার বিচারটা যেন সঠিকভাবে হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে সোহাগী জাহান তনুর বাবা মো. ইয়ার হোসেন আদালতে জবানবন্দি শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন।

এসময় তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে দীর্ঘ ১০ বছর পর ঘটনায় জড়িত সন্দেহভাজন তৎকালীন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে (অব.) ঢাকার কেরানীগঞ্জ এলাকার তার নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকালে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে হাফিজুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, আজকে ১১ বছর আমার মামলার কোনো অগ্রগতি নেই, এ সরকার আসার পর মামলাটি আদালতে উঠেছে।

আমার বিশ্বাস যারা আমার মেয়ে হত্যার সঙ্গে জড়িত তাদের ফাঁসির রায় হবে। পুরো দেশবাসী এই বিচারের অপেক্ষায় রয়েছে, আমার মেয়েকে মারা হয়েছে ক্যান্টমেন্টের ভেতরে, যেখানে একটি পিঁপড়াও ঢুকতে পারে না এমন এলাকা। দেশের সবাই জানে তাকে কেন মারা হয়েছে। এত বাহিনী থাকতে আমার মেয়েকে কারা মারছে তা বলতে পারেনি।

আসামির পরিচয় সম্পর্কে তনুর বাবা ইয়ার হোসেন বলেন, সার্জেন্ট জাহিদ, তার স্ত্রী, জিওসি স্যারের স্ত্রী, কমান্ডার স্যারের স্ত্রী তারা আমার মেয়েকে মেরে ফেলছে, তারা অফিসার মানুষ তাদের স্যার বলতে হয়। আমার মেয়েকে হত্যা করা হয়েছে ১১ বছর আগে। এত কথা কি আমার মনে আছে, আমাকে বহু হুমকি দিয়েছে মেরে ফেলবে, মোটরসাইকেল দিয়ে চাপা দিছে আল্লাহ আমাকে এখনো বাঁচাই রাখছে। তারা আমার মেয়েকে যেমনে হত্যা করেছে, আমিও চাই তেমনি তাদের শাস্তি হোক। ফাঁসি চাই তাদের, দেশবাসীও যাতে কইতে পারে, তনু হত্যায় তাদের ফাঁসি হইছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন