ক্যানসারে আক্রান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু
ছবি: সংগৃহীত
১২:৩১ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
গুণী পরিচালক ও নাট্যকার মাতিয়া বানু শুকু বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়ছেন। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় সরকারের সহায়তা কামনা করেছেন স্বজনরা।
নাট্যাঙ্গনে বহুদিনের সক্রিয় এই নির্মাতা ভাষাসৈনিক আব্দুল মতিনের মেয়ে। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও সাফল্য আছে তার। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলমান। প্রতি সপ্তাহে কেমো এবং নির্দিষ্ট সময় পরপর থেরাপি নিতে হচ্ছে, যা পরিবারটির ওপর বড় আর্থিক চাপ তৈরি করেছে।
মাতিয়া বানু শুকুর স্বামী ও নির্মাতা নুরুল আলম আতিক বলেন, শিল্পীজীবনে কোনও আর্থিক নিরাপত্তা না থাকায় হঠাৎ অসুস্থতায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। পরিচিতজনদের সহযোগিতা মিললেও চিকিৎসার পুরো ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
তিনি জানান, আবারও চিকিৎসার জন্য চেন্নাই নেয়ার প্রস্তুতি চলছে। এ জন্য আগামী ২৩ এপ্রিলের জন্য সময় নেয়া হয়েছে। সরকারের সহায়তার বিষয়ে নুরুল আলম আতিক বলেন বলেন, এই দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে রাষ্ট্রীয় সহায়তা অত্যন্ত জরুরি। সরকার পাশে দাঁড়ালে কৃতজ্ঞ থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন দ্রুত সুস্থ হয়ে আবার সৃষ্টিশীল কাজে ফিরতে পারেন মাতিয়া বানু শুকু।
এসএন