© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার নায়িকা প্রিয়াংকা নন, প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী

শেয়ার করুন:
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার নায়িকা প্রিয়াংকা নন, প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
টালিউডের সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় ও অভিনেত্রী প্রিয়াংকা সরকার অভিনীত সুপারহিট সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ আজও সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এ সিনেমার হাত ধরেই মেগার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন রাহুল-প্রিয়াংকা। তাদের জুটিও দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু আপনি শুনলে অবাক হবেন- এ সিনেমায়  প্রথমে প্রিয়াংকা সরকারের কাজ করার কোনো কথাই ছিল না। কাজ করার কথা ছিল অন্য এক নায়িকার। 

এ সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী 'চিরদিনই তুমি যে আমার' সিনেমার জন্য প্রথমে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে বেছে নিয়েছিলেন। কিন্তু তা হয়নি। তাহলে কেন নায়িকা বদল হয়েছিল? সিনেমা মুক্তির পর কোনো এক অনুষ্ঠানে সে কথা জানিয়েছিলেন প্রয়াত নায়ক রাহুল বন্দোপাধ্যায়।



তিনি বলেছিলেন, প্রথমত বলি- ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায়  প্রিয়াংকা কিন্তু কাস্ট ছিল না। তখন আমার নায়িকা হিসেবে মোটামুটিভাবে শুভশ্রী গাঙ্গুলীকে এক প্রকার মনোনীত করা হয়েছিল। কিন্তু আমি অডিশনে সিলেক্ট হওয়ার পর রাজের মনে হয়েছিল শুভশ্রী যেহেতু একটু লম্বা-চওড়া, আর আমি যেহেতু ছোটখাটো চেহারার মানুষ, সেখানে ওকে সুডেন্ট আর আমাকে মেকানিক কতটা মানাবে?

রাহুল আরও বলেন, সেই সময় রাজ-ই আমাকে বলেছিল- ’তোর চোখে আর কি কেউ আছে?' সেই সময় আমি আর প্রিয়াংকা একসঙ্গে ধারাবাহিকে কাজ করতাম। তখন আমি প্রিয়াংকাকে বলেছিলাম- 'যা গিয়ে একবার অডিশন দে'। প্রিয়াংকা যায়, অডিশন দেয় এবং ওকে সবার খুবই পছন্দ হয়। 

তিনি আরও বলেন, এমন নয় যে শুভশ্রী অপছন্দ ছিল। শুভশ্রীকে সবাই খুবই পছন্দ করেছিলেন। কিন্তু আমাদের চেহারা অনুযায়ী আমাদের একসঙ্গে মানাচ্ছিল না।

রাহুল বলেন, সেই সময় প্রিয়াংকা সরকার 'বাজিমাত' সিনেমার জন্য মনোনীত হয়েছিল। তখন এসভিএফের শ্রীকান্ত দা আর মণিদা সিনেমা দুটির নায়িকা বদল করলেন। বাজিমাত' সিনেমার মাধ্যমে শুভশ্রী গাঙ্গুলীকে লঞ্চ করা হলো। আর প্রিয়াংকা চলে এলো ‘চিরদিনই তুমি যে আমার' সিনেমায়। ভাবা যায়, সেই শুভশ্রীর সঙ্গেই কয়েক বছর পর রাজের সঙ্গে বিয়ে হবে বলে জানান রাহুল বন্দোপাধ্যায়।

উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার' সিনেমা সুপারহিট হয়। এ সিনেমা মুক্তির পর  রাহুল-প্রিয়াংকার প্রেমের খবর প্রকাশ্যে আসে। তারপর তারা বিয়ে করেন। এরপর ছেলে সহজের জন্ম হয়। কিন্তু মাঝে রাহুল-প্রিয়াংকার সম্পর্কে ফাটল দেখা দেয়। যদিও পরে ছেলের জন্য আবার এক হন তারা। আর তারপরই শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের। 

গত ২৯ মার্চ তালসারিতে 'ভোলেবাবা পাড় করেগা…' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে প্রয়াত হন রাহুল। তার মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। এরপর কলকাতা ও তালসারিতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরামের সঙ্গে এফআইআর করেন প্রিয়াংকা সরকার। তবে এখনো সবটাই বিচারাধীন। 

কেএন/এসএন

মন্তব্য করুন