আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না: ইসহাক সরকার
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
১৪০০ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কথা বলার অধিকার পেয়েছি। যদি দেখি বর্তমান শাসকগোষ্ঠী আবার ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে যাদের আমরা দেখেছি, ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬শে জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম।’
নিজেকে একজন বিপ্লবী উল্লেখ করে যুবদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘দীর্ঘ প্রায় ১০ বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা, সহকর্মীকে হারিয়েছি। আমি দীর্ঘদিন ধরে দেখেছি, এই এনসিপির মাধ্যমেই বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে।’
এছাড়া তিনি আরও বলেন,‘দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় দেড় শতাধিক মামলা ছিল। কারণ, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু আমি কোনোদিন আপস করিনি, আপস করতে শিখিনি।
বিএনপি ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন,‘আমি যে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজ দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে।
হয়তো তারা ভুলে গেছে ১৪০০ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এ দেশে কেউ টিকে থাকতে পারবে না।’
তিনি আরও যোগ করে বলেন,‘সারাদেশের জনগণ এখনো এনসিপির দিকে তাকিয়ে আছে। এনসিপি রাজপথে নামলে জনগণের অধিকার ফিরে পাবে। আর যদি এনসিপি ঝিমিয়ে যায়, তাহলে দেশের মানুষের ভাগ্যে আবার অন্ধকার নেমে আসবে।’
এসকে/টিকে