শরীর আমার, সিদ্ধান্তও আমার: দীপিকা পাড়ুকোন
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্ব ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এক অকপট বক্তব্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি নিজের শরীর, অনুভূতি এবং সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে চান।
দীপিকা বলেন, সন্তানধারণ ও মাতৃত্ব কোনো চাপ বা তাড়াহুড়োর সিদ্ধান্ত নয়, বরং এটি সম্পূর্ণ ব্যক্তিগত প্রস্তুতি ও মানসিক অবস্থার বিষয়। তার কথায়, এই পুরো যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন নারীর শারীরিক ও মানসিক সুস্থতা। তাই তিনি বিশ্বাস করেন, শেষ সিদ্ধান্তটি নারীকেই নিতে হয়, কারণ এই পরিবর্তনের মধ্য দিয়ে মূলত তাকেই যেতে হয়।

অভিনেত্রী আরও জানান, স্বামী রণবীর সিং এই সিদ্ধান্তে সবসময় তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তবে দীপিকা স্পষ্ট করেন, সমর্থন থাকলেও শরীরের সমস্ত পরিবর্তন একজন নারীকেই সহ্য করতে হয়, তাই সিদ্ধান্তের অধিকারও তারই থাকা উচিত। তার ভাষায়, সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকলেও নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি কখনোই আপস করতে চান না।
মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে দীপিকা বলেন, প্রথমবার মা হওয়ার সময় তার জীবন সম্পূর্ণ বদলে যায়। শারীরিক জটিলতা ও মানসিক চাপের মধ্য দিয়েও সেই সময়টা তার জন্য ছিল গভীর শিক্ষা ও পরিবর্তনের অধ্যায়। এখন তার জীবনের অগ্রাধিকারও অনেকটাই বদলে গেছে, যেখানে সন্তানের কল্যাণই প্রথম স্থান দখল করে আছে।
দীপিকার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে নারীর স্বাধীন সিদ্ধান্ত ও মাতৃত্বের অধিকার নিয়ে। অনেকেই তার সাহসী অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন।
পিআর/টিকে