© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

শেয়ার করুন:
জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
নেত্রকোনায় সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে হামলার পর এক বিবৃতিতে গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

তিনি বলেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান। তিনি হোগলা ইউনিয়ন থেকে ফেরার পথে স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায়ের জন্য উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি পার্ক করেন।

এ সময় প্রায় শতাধিক সন্ত্রাসী অতর্কিতে তার গাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে এবং মসজিদ ঘেরাও করে প্রায় ঘণ্টাব্যাপী মাসুম মোস্তফার সঙ্গে থাকা লোকজনসহ সবাইকে অবরুদ্ধ করে রাখে।

জামায়াত সেক্রেটারি বলেন, আমরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে এখন একটি সংকট চলছে। এ সময়ে যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে, তারা দেশের স্থিতিশীলতা চায় না।

তিনি আরো বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার শামিল। পরিকল্পিতভাবে সংঘটিত এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে, দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতি এখনও পুরোপুরি নির্মূল হয়নি। আমি অবিলম্বে এই বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

এমআর/টিএ 

মন্তব্য করুন