© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাঙ্গায় সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৬

শেয়ার করুন:
ভাঙ্গায় সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস সড়কের সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়েছে। এতে মাইক্রোবাসে থাকা ছয়জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রীবাহী মাইক্রোবাসটি ভাঙ্গার দিকে যাচ্ছিল। পূর্ব সদরদী এলাকায় একটি সরু সেতুর কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি সরাসরি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

আইকে/টিএ

মন্তব্য করুন