© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জমি নিয়ে বিরোধের জেরে সিংগাইরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেয়ার করুন:
জমি নিয়ে বিরোধের জেরে সিংগাইরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫২ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে ছোট ভাইয়ের মারধরে খন্দকার নজরুল ইসলাম (৬২) নামে এক বড় ভাই নিহত হয়েছেন। এসময় তার ছেলে খন্দকার অভিকেও পিটিয়ে আহত করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌর এলাকার গোলড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত খন্দকার গিয়াসউদ্দিনের ছেলে।

থানা পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, খন্দকার নজরুল ইসলাম ব্রেন স্ট্রোক ও পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) রোগে ভুগছিলেন। তার সঙ্গে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই খন্দকার ওয়াহেদ মিয়ার বিরোধ চলে আসছে।

সম্প্রতি নজরুল ইসলামের জমি দখল করে গাছপালা কেটে ফেলে ওয়াহেদ মিয়া। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। বিষয়টি সালিসি বৈঠকের মাধ্যমে মিমাংসার উদ্যোগ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরই অংশ হিসেবে শুক্রবার সাড়ে ৩টার দিকে সালিসি বৈঠকে বসা হয়। কিন্তু বৈঠকে বড় ভাই খন্দকার নজরুল ইসলাম উপস্থিত হলেও ছোট ভাই খন্দকার ওয়াহেদ আসেনি। তাকে ডাকা হলেও কোনো সারা দেননি।

পরক্ষণেই ওয়াহেদ মিয়া সালিসদারদের বাড়িতে ডেকে নিয়ে জানান, বড় ভাইয়ের জমিতে তার কোনো দাবি-দাওয়া নাই। বড় ভাইয়ের কাছে ক্ষমাও চান তিনি। সালিসদার ও স্বজনরা চলে যাওয়ার পর ওয়াহেদ মিয়া বড় ভাই নজরুল ইসলামের সঙ্গে কাটাকাটি ও বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে নজরুল ইসলামকে মারধর করে ওয়াহেদ মিয়া, তার দুই ছেলে খন্দকার তাসিন, খন্দকার উৎসব ও প্রতিবেশী নিশাদ। এসময় তার ছেলে খন্দকার অভি এগিয়ে গেলে তাকেও মারধর করে রক্তাক্ত করা হয়।

এ ঘটনায় বাবা-ছেলে দুজনই আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খন্দকার নজরুল ইসলাম মারা যান।

থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় খন্দকার নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আইকে/টিএ

মন্তব্য করুন