© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলে ভিরাট কোহলির ৮০০ চার ও ৩০০ ছক্কার কীর্তি

শেয়ার করুন:
আইপিএলে ভিরাট কোহলির ৮০০ চার ও ৩০০ ছক্কার কীর্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
মোহাম্মেদ সিরাজের লেংথ ডেলিভারি ফ্লিক শট খেলতে গিয়ে বল নিচুতে রাখতে পারলেন না ভিরাট কোহলি। খুব সহজ ক্যাচ উঠে গেল শর্ট মিডউইকেটে; কিন্তু বল মুঠোয় জমাতে ব্যর্থ হলেন ওয়াশিংটন সুন্দার। প্রথম বলে শূন্য রানে জীবন পেয়ে দারুণ দুটি মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৮০০ চার মারার কীর্তি গড়েছেন কোহলি। আর তৃতীয় ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৬০০ ছক্কার মাইলফলক।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নামের পাশে ৭৯৯টি চার নিয়ে শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন কোহলি। ২০৬ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে জীবন পেয়ে, পরের ওভারে কাগিসো রাবাদাকে চার মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা।

৭৬৮টি চার মেরে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শিখার ধাওয়ান, ৬৬৩টি চার মেরে তিনে ডেভিড ওয়ার্নার, ৬৫৩টি চার নিয়ে চারে রোহিত শর্মা।



৩০০ ছক্কা ছুঁতেও কোহলির প্রয়োজন ছিল একটি। অষ্টম ওভারে আফগান লেগ স্পিনার রাশিদ খানকে ওয়াইড লং-অন দিয়ে ছক্কায় উড়িয়ে মাইলফলকটি স্পর্শ করেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।

১৪১ ইনিংসে ৩৫৭ ছক্কা নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। ২৭১ ইনিংসে রোহিত শার্মার ছক্কা ৩১০টি। তিনশ ছক্কার ক্লাবে কোহলি ঢুকলেন ২৬৬ ইনিংসে।

আইপিএলে কোনো একটি দলের হয়ে তিনশ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার অবশ্য কোহলিই। ২০০৮ সালে আইপিএলের পথচলার শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি।

গেইল খেলেছেন বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের হয়ে। ২০১১ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা রোহিত প্রথম তিন আসরে খেলেন ডেকান চার্জার্সের হয়ে।

বেঙ্গালুরুতে টাইটান্সের বিপক্ষে চার ছক্কা ও আট চারে ৪৪ বলে ৮১ রান করে আউট হন কোহলি।

এ দিন ৪৯ রানে পৌঁছে আরেক কীর্তি গড়েন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি দেশে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করলেন তিনি। ভারতে এই মাইলফলক ছুঁলেন তিনি ২৯১ ম্যাচে। নিজ দেশে ৩১৯ ম্যাচে আট হাজার ৫৬৩ রান করে এই তালিকায় দুইয়ে আছেন রোহিত শার্মা।

আইপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি কোহলির অনেক আগে থেকেই। এখানে ৯ হাজার রানের মাইলফলক থেকে আর ১১ রান দূরে আছেন তিনি।

এমআর/টিএ  

মন্তব্য করুন