সম্পত্তিতে স্বামীর চেয়ে বহুগুণ এগিয়ে পরিণীতি চোপড়া
ছবি: সংগৃহীত
০৯:২২ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউডের ঝলমলে পর্দা থেকে অনেকটাই আড়ালে রয়েছেন পরিণীতি চোপড়া। বিয়ের পর থেকেই অভিনয়ের ব্যস্ততা কমিয়ে সংসার ও ব্যক্তিজীবনেই বেশি সময় দিচ্ছেন তিনি। কিন্তু আলোচনার কেন্দ্র থেকে সরে যাননি একেবারেই। বরং এবার নতুন করে শিরোনামে উঠে এলেন সম্পত্তির অঙ্কে।
সম্প্রতি স্বামী রাঘব চাড্ডার রাজনৈতিক পালাবদল ঘিরে শুরু হয় জোর আলোচনা। সেই সূত্রেই সামনে আসে তাঁর সম্পত্তির হিসাব। আর সেখানেই চমক। জানা যায়, সম্পদের নিরিখে সাংসদ স্বামীকে বহু দূর পিছনে ফেলে দিয়েছেন পরিণীতি।
রাঘব চাড্ডার জীবনযাপন বরাবরই সংযত। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন এবং কিছু বিনিয়োগই তাঁর আয়ের প্রধান উৎস। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি। দিল্লিতে একটি বাড়ি, কিছু সোনা, বন্ড ও শেয়ার- এই নিয়েই তাঁর সম্পদের মূল কাঠামো।

অন্যদিকে, পরিণীতির সম্পদের পরিমাণ শুনলে অবাক হতেই হয়। অভিনয়জীবনের সাফল্য, বিজ্ঞাপনী প্রচার এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি গড়ে তুলেছেন প্রায় চুয়াত্তর কোটি টাকার সম্পদ। বলিউডে নিয়মিত না থাকলেও এই বিপুল সম্পদের জোরেই তিনি আলাদা করে নজর কাড়ছেন।
মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার বাজারমূল্য কয়েক কোটির ঘরে- সেটিও রয়েছে তাঁর সম্পত্তির তালিকায়। পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের একাধিক দামি গাড়িও আছে অভিনেত্রীর সংগ্রহে। সব মিলিয়ে তাঁর জীবনযাত্রা যে বেশ সমৃদ্ধ, তা বলাই যায়।
তবে এই বিপুল সম্পত্তির ব্যবধানেও দাম্পত্যে কোনো প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে। ভিন্ন পেশার মানুষ হয়েও পরিণীতি ও রাঘব নিজেদের মতো করেই গড়ে তুলেছেন সম্পর্কের ভারসাম্য। একজন রাজনীতির মঞ্চে, অন্যজন বিনোদন জগতের আলোয়- এই দুই ভুবনের মেলবন্ধনেই তাঁদের দাম্পত্য।
উল্লেখ্য, কয়েক বছর আগে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। বর্তমানে সন্তানকে নিয়ে তাঁদের সংসার জীবনও বেশ সুখের বলেই জানা যায়। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, ব্যক্তিগত জীবনে তাঁরা নিজেদের মতো করেই এগিয়ে চলেছেন।
এসএ/টিএ