শুটিং সেটে ফোন ছাড়াই থাকেন অক্ষয় খান্না
ছবি: সংগৃহীত
১০:৩০ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউডে কয়েক দশক পার করে দিলেও অক্ষয় খান্না বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে তার অভিনয় দর্শকদের নতুন করে মুগ্ধ করেছে। পর্দায় তার উপস্থিতি যতটা শক্তিশালী, পর্দার পেছনে মানুষটি নাকি ঠিক ততটাই শান্ত। শুটিং সেটে তার আচরণ নিয়ে সম্প্রতি কিছু অজানা তথ্য ফাঁস করেছেন সহ-অভিনেতা দানিশ প্যান্ডোর।
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে যে অক্ষয় শুটিং সেটে কারো সঙ্গে কথা বলেন না। এ প্রসঙ্গে দানিশ জানান, অক্ষয় আসলে অত্যন্ত সৎ একজন মানুষ। তিনি অকারণে কথা বলতে পছন্দ করেন না ঠিকই, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে খুব আন্তরিকভাবে উত্তর দেন। তিনি কাউকে এড়িয়ে চলেন না, বরং সবার সঙ্গে মার্জিত ব্যবহারই করেন।

আজকের যুগে যেখানে সবাই স্মার্টফোনে বুঁদ হয়ে থাকেন, সেখানে অক্ষয় এক ব্যতিক্রমী উদাহরণ। দানিশের দাবি অনুযায়ী, অক্ষয় শুটিং চলাকালীন একেবারেই ফোন ব্যবহার করেন না। সেটে ফোন নিয়ে বসার অভ্যাসও তার নেই। বিরতির সময়েও তিনি ফোন না ঘেঁটে এক কোণে চুপচাপ বসে থাকেন।
দানিশ জানান, অক্ষয় আসলে নিজেকে পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবিয়ে রাখতে পছন্দ করেন। ক্যামেরা অন হওয়ার আগে তিনি নিজের অভিনয় আর সংলাপ নিয়ে গভীরভাবে চিন্তা করেন। এই একাগ্রতাই তাকে পর্দায় একজন ‘পরাক্রমশালী’ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সূত্র : এই সময়
এসএ/টিএ