© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আপনাকে খেতেই হবে’, ভোটপ্রচারে সোহমকে হরলিক্স হাতে ধরালেন মহিলা

শেয়ার করুন:
‘আপনাকে খেতেই হবে’, ভোটপ্রচারে সোহমকে হরলিক্স হাতে ধরালেন মহিলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৪ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
ভোটের উত্তাপে মাঠ গরম, প্রার্থীরা ছুটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সেই ব্যস্ততার মাঝেই আচমকা এক মজার ঘটনায় থমকে গেল প্রচারের গতি। কেন্দ্রবিন্দুতে অভিনেতা-নেতা সোহম চক্রবর্তী- আর সঙ্গে এক অনুরাগীর অদ্ভুত আবদার।

কয়েক দশক আগে শিশু শিল্পী হিসেবে পর্দায় “মা, একটু হরলিক্স দাও” সংলাপ বলেই পরিচিতি পেয়েছিলেন সোহম। সময়ের স্রোতে সেই শিশুশিল্পী আজ রাজনৈতিক ময়দানের পরিচিত মুখ। তবে সেই পুরনো স্মৃতিই যেন হঠাৎ করে ফিরে এলো নির্বাচনী প্রচারের মাঝেই।

নদিয়ার করিমপুরে প্রচারে ব্যস্ত সোহম। কাঠফাটা গরম উপেক্ষা করে জনসংযোগে ব্যস্ত তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ঠিক সেই সময়ই এক মহিলা অনুরাগী এগিয়ে আসেন হাতে থালা নিয়ে। থালায় রাখা হরলিক্সের প্যাকেট- তারপর হঠাৎই কাঁচি দিয়ে কেটে দেন সেটি। উপস্থিত সবার চোখ তখন সোহমের দিকে।

এরপরই আসে সেই অবাক করা আবদার- “আপনাকে খেতেই হবে।” মুহূর্তে পরিস্থিতি খানিক অস্বস্তিকর হলেও সোহম সেটি সামাল দেন নিজের স্বভাবসিদ্ধ হাসি দিয়ে। বিরক্ত না হয়ে বরং ভিড়ের দিকে তাকিয়ে বলেন, ছোট বাচ্চাদের দিয়ে দিতে। তাঁর এই জবাবে হাততালিতে ফেটে পড়ে চারপাশ।



এই ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন তাঁর পুরনো ছবির সেই সংলাপের কথা। বাস্তব আর পর্দার মিশেলে যেন তৈরি হয়েছে এক অদ্ভুত মুহূর্ত।

প্রচারের উত্তেজনার মাঝেও এমন মানবিক আর হালকা মুহূর্তই যেন তারকাদের আরও কাছে নিয়ে আসে সাধারণ মানুষের। আর সোহমের এই আচরণই আবারও প্রমাণ করল—জনতার ভালোবাসা কখনো কখনো আসে একেবারেই অপ্রত্যাশিত রূপে।

এসএ/টিএ

মন্তব্য করুন